উচ্চমাধ্যমিক পরীক্ষার সেমেস্টার ফি নিয়ে এবার প্রকাশ্যেই দ্বন্দ্বে জড়ালেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । সম্প্রতি উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদেরবেঁধে দেওয়া ফি নিয়ে শুভেন্দু অধিকারী সমাজমাধ্যমে যে পোস্ট করেছেন, তাকে ‘বিভ্রান্তিমূলক অপপ্রচার’ বলে দাবি করেছেন শিক্ষামন্ত্রী। এর পাল্টা হিসেবে তিনি কেন্দ্রীয় বোর্ডের (সিবিএসই) দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফি-সংক্রান্ত নথি প্রকাশ্যে এনেছেন।
বিতর্কের সূত্রপাত বৃহস্পতিবার । ‘এক্স’ হ্যান্ডলে একটি দীর্ঘ পোস্টে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, শিক্ষা অবৈতনিক হলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কোনো না কোনো ভাবে ফন্দি এঁটে ছাত্র ছাত্রীদের থেকে ঠিক পয়সা উসুল করার ধান্দা করবেই করবে! এই পোস্টে তিনি পরীক্ষার ফি নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে নানা কথা লেখেন। রাজ্য সরকারের তরফে এই দাবিকে ‘অপপ্রচার’ বলে নস্যাৎ করা হয়েছে।
শুভেন্দু অধিকারীর বক্তব্যের জবাব দিতে গিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সমাজমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া জানান। তিনি অভিযোগ করেন,বিরোধী দলনেতা তাঁর চিরাচরিত ঢঙে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছেন উচ্চমাধ্যমিকের পরীক্ষার ফী নিয়ে। শুভেন্দুর পোস্টের ‘বিভ্রান্তি’ দূর করতে ব্রাত্য বসু দুটি গুরুত্বপূর্ণ নথি সামনে আনেন, পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ এবং কেন্দ্রীয় সরকারে অধীন সিবিএসই বোর্ডের ২০২৫ সালের দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফি-র নোটিশ। এই তুলনা করার উদ্দেশ্য ছিল, কোন বোর্ড আসলে বেশি ফি নিচ্ছে, তা জনসমক্ষে পরিষ্কার করে দেওয়া ।
ব্রাত্য বসু স্পষ্ট লেখেন,রাজ্য সরকার বিনামূল্যেই সকলের পড়াশুনো চালায়! তিনি আরও বলেন, সংসদের প্রেস বিজ্ঞপ্তিও তিনি সংযুক্ত করেছেন যাতে সত্য মিথ্যা সকলের সামনে পরিষ্কার হয়ে যায়। বিভ্রান্তিমূলক অপপ্রচার বন্ধ হোক । চলতি বছর থেকেই রাজ্যে উচ্চমাধ্যমিক স্তরে সেমেস্টার পদ্ধতি চালু হয়েছে। নতুন নিয়ম আসতেই কিছু স্কুলের বিরুদ্ধে অতিরিক্ত সেমেস্টার ফি আদায়ের অভিযোগ ওঠে। এই অভিযোগ কানে আসার পরই দ্রুত কড়া সিদ্ধান্ত নেয় উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ ।
সংসদ গত সপ্তাহে নির্দেশিকা জারি করে জানায়, সেমেস্টার পরীক্ষার জন্য স্কুলগুলি পরীক্ষার্থীদের কাছ থেকে সর্বোচ্চ ৭০ টাকার বেশি ফি নিতে পারবে না। শিক্ষামহলের মতে, এই কড়া সিদ্ধান্ত সত্ত্বেও বিরোধী দলনেতার এমন পোস্ট কেবল পড়ুয়া ও অভিভাবকদের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সিবিএসই বোর্ডের ফি-সংক্রান্ত নোটিশ প্রকাশ্যে আনার ফলে এখন সাধারণ মানুষ সহজেই বুঝতে পারবেন, পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সেমেস্টার পরীক্ষার জন্য যে সামান্য ফি বেঁধে দিয়েছে (সর্বোচ্চ ৭০ টাকা), তা কেন্দ্রীয় বোর্ডের তুলনায় কেমন।














