কলকাতা হাইকোর্টের রায়ে বিধানসভার বিরোধী দলনেতার পদ হারালেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বিচারপতি কৃষ্ণ রাওয়ের নির্দেশে স্পিকারের নিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত খারিজ হয়েছে। একই সঙ্গে মুখ্য সচেতক পদে আখরুজ্জামানের নিয়োগও বাতিল করেছে আদালত। আগামী ১০ দিনের মধ্যে নতুন করে বিরোধী দলনেতা ও মুখ্য সচেতক নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে বিধানসভার স্পিকারকে।
ফলে আপাতত বিধানসভায় কেউই বিরোধী দলনেতার পদ ব্যবহার করতে পারবেন না। এই রায়ের পরই কটাক্ষের সুরে মুখ খুলেছেন তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর মন্তব্য, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতার পদ থেকে সরিয়ে দিয়েছে হাইকোর্ট। দেখ কেমন লাগে। কল্যাণের দাবি, শুরু থেকেই তিনি স্পিকারের সিদ্ধান্তকে অবৈধ বলে আসছিলেন। আদালতের রায়ে তাঁর সেই বক্তব্যই প্রতিষ্ঠিত হয়েছে বলে দাবি করেন তিনি। কল্যাণের অভিযোগ, স্পিকারের নিরপেক্ষ ভূমিকা পালন করা উচিত ছিল। কিন্তু বিরোধী দলনেতা নিয়োগের ক্ষেত্রে সেই সাংবিধানিক দায়িত্ব পালনে তিনি ব্যর্থ হয়েছেন।
আদালতের নির্দেশে স্পিকারের পদের মর্যাদা অক্ষুণ্ণ রয়েছে বলেও মন্তব্য করেন তৃণমূল সাংসদ। তাঁর বক্তব্য, এটি খুশির বিষয় নয়, বরং স্পিকারের সিদ্ধান্ত খারিজ হওয়ায় সাংবিধানিক প্রশ্ন সামনে এসেছে।নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানোর প্রসঙ্গও তোলেন কল্যাণ। তাঁর দাবি, বিরোধী পক্ষ বারবার অবস্থান বদলাচ্ছে এবং নতুন নথি জমা দেওয়ার চেষ্টা করছে। আদালতে নতুন লিখিত বক্তব্য ও নথি গ্রহণের বিরোধিতা করেছেন বলেও জানান তিনি।
শেষে বিরোধী শিবিরকে খোঁচা দিয়ে কল্যাণ বলেন, ওদের আচ্ছে দিন চলে গিয়েছে। এখন নজর আগামী ১০ দিনের মধ্যে স্পিকার কী সিদ্ধান্ত নেন, তার দিকে।














