মহিলা ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তিতে নজিরবিহীন ছাঁটাই চালাল পাকিস্তান ক্রিকেট বোর্ড। গত বছরের ২০ জনের তালিকা ছেঁটে এক ধাক্কায় নামিয়ে আনা হলো মাত্র আট জনে। সেই সঙ্গে পুরোপুরি তুলে দেওয়া হলো চুক্তির ডি এবং ই বিভাগ। নতুন এই চুক্তি গত পয়লা জুলাই থেকে কার্যকর ধরা হয়েছে এবং তা বহাল থাকবে আগামী বছরের ৩০ জুন পর্যন্ত। পিসিবি-র নতুন চুক্তিতে সর্বোচ্চ বিভাগ অর্থাৎ এ ক্যাটাগরিতে জায়গা ধরে রেখেছেন অধিনায়ক ফাতিমা সানা এবং বাঁহাতি স্পিনার সাদিয়া ইকবাল। ব্যাট ও বলে ধারাবাহিক পারফরম্যান্স এবং ইংল্যান্ডের দ্য হান্ড্রেড ও অস্ট্রেলিয়ার উইমেন্স বিগ ব্যাশ-এ প্রথম পাকিস্তানি মহিলা ক্রিকেটার হিসেবে খেলার পুরস্কার পেলেন চব্বিশ বছর বয়সি ফাতিমা।
অন্যদিকে, অতীতে টি-টোয়েন্টি বোলারদের ক্রমতালিকায় শীর্ষে থাকা সাদিয়াও নিজের জায়গা পাকা রেখেছেন। বি বিভাগে জায়গা পেয়েছেন সিদরা আমিন, মুনিবা আলি সিদ্দিকি এবং নাশরা সান্ধু। সি বিভাগে ওপেনিং জুটি গুল ফিরোজা এবং সাদাফ শামাসের সঙ্গে যুক্ত হয়েছেন অভিজ্ঞ ব্যাটার আয়েশা জাফর। গত বার চুক্তির বাইরে থাকার পর এ বার একমাত্র নতুন মুখ হিসেবে তালিকায় ঢুকলেন আয়েশা। সবচেয়ে চমকপ্রদ সিদ্ধান্ত হলো ডি এবং ই বিভাগ বাতিল করা। গত বছর এই দুটি বিভাগেই ১২ জন ক্রিকেটার চুক্তিবদ্ধ ছিলেন। বিশেষত, তরুণ ও উদীয়মান প্রতিভাদের উৎসাহ দিতে গত বছরই ই বিভাগ চালু করেছিল বোর্ড। কিন্তু এক বছরের মাথায় সেই বিভাগ তুলে দেওয়ায় চুক্তি হারালেন গত বারের দুই উদীয়মান মুখ ইমান ফাতিমা এবং শাওয়াল জুলফিকার।
এছাড়াও আলিয়া রিয়াজ, ডায়ানা বেগ, সিদরা নওয়াজ, তুবা হাসান, ওমাইমা সোহেল, রামিন শামিম, নাজিহা আলভি, নাতালিয়া পারভেজ, আরুব শাহ, উম্মে-ই-হানি এবং ওয়াহিদা আখতারের মতো পরিচিত মুখেরাও চুক্তি থেকে বাদ পড়েছেন। বোর্ডের তরফে জানানো হয়েছে, সাম্প্রতিক ফর্ম এবং ফিটনেসের নিরিখেই এই তালিকা তৈরি হয়েছে। চুক্তিবদ্ধ ক্রিকেটারদের সারা বছর নির্দিষ্ট ফিটনেস মানদণ্ড বজায় রাখতে হবে এবং নিয়মিত তার পরীক্ষা নেওয়া হবে। উল্লেখ্য, ১১ দলের আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপে তিনটি একদিনের সিরিজের মধ্যে দুটিতে হেরে পাকিস্তান বর্তমানে পঞ্চম স্থানে রয়েছে। আগামী মাসেই টি-টোয়েন্টি ও একদিনের সিরিজ খেলতে ক্যারিবিয়ান সফরে যাবে ফাতিমা সানার দল।














