রাজ্য জুড়ে চর্চার কেন্দ্রবিন্দুতে এখন মুর্শিদাবাদের সাসপেন্ডেট তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। শনিবার রেজিনগরে বাবরি মসজিদের আনুষ্ঠানিক শিলান্যাসের পর রবিবার আবার তিনি রেজিনগরে গিয়েছিলেন। কলকাতায় বিজেপির গীতা পাঠ প্রসঙ্গে সাংবাদিকদের বলেন, বিজেপি আজ নতুন করে হিন্দুত্ব করছে না। ওঁরা বরাবর হিন্দুত্বের তাস খেলে।
ওঁরা রামমন্দিরের এজেন্ডা নিয়ে ক্ষমতায় এসেছে। ১৯টা রাজ্য দখল করেছে। এরপরেই হুমায়ুন বলেন, আগামী দিনে মুসলমানদের বিধানসভায় বেশি বেশি করে সিট জেতানোর জন্য কোরাণ পাঠের ব্যবস্থা করব। নির্দিষ্ট দিনে মুর্শিদাবাদের কোন এক জায়গায় বিরাট প্যান্ডেল করে এক লক্ষ হাফেজ দিয়ে কোরাণ পাঠের ব্যবস্থা করব। তবে কোন দিন এবং কোথায় কোরাণ পাঠ সেই বিষয়ে স্পষ্ট করেননি। পাশাপাশি গীতা পাঠ প্রসঙ্গে বলেন, ওই বিষয়ে আমার কিছু বলার নেই।
হিন্দু ধর্মাবলম্বী মানুষ এটা করতেই পারেন। গীতার প্রতি আমার শ্রদ্ধা আছে। দল থেকে বহিষ্কৃত হওয়ার পর হুমায়ুন বলেছিলেন ১৭ ডিসেম্বর বিধায়ক পদ থেকে ইস্তফা দেবেন। এদিন ইস্তফা প্রসঙ্গ থেকে সরে এসে বলেন, ঘোষণা অনুযায়ী নির্দিষ্ট দিনে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু যাদের ভোটে জিতে বিধায়ক হয়েছি তারাই নিষেধ করেছে। সেই কারণে এখন পদত্যাগ করব না।













