এসআইআর-এর জন্য এনামুরেশন ফর্ম বিলি থেকে ফর্ম তোলা স্বল্প সময় টানা কাজের চাপ আর যার জেরে ফের অসুস্থ হয়ে পড়লেন এক মহিলা বিএলও। বর্তমানে চিকিৎসাধীন কালনা মহকুমা হাসপাতালে। কালনা বড় মিত্রপাড়া এলাকার বাসিন্দা পেশায় শিক্ষিকা পৃথা বর্মন বন্দ্যোপাধ্যায়। তিনি কালনার হিন্দু বালিকা প্রাথমিক বিদ্যালয় এর শিক্ষিকা। কালনা শহরের দুই নম্বর ওয়ার্ডের ২২৬ নাম্বার বুথের বিএলও তিনি। এদিন সোমবার সকালে নিজের বাড়িতেই তিনি সংজ্ঞাহীন হয়ে পড়েন।
অন্যদিকে তার বমি এবং পায়খানার উপসর্গ রয়েছে। সব নিয়েই তিনি কালনা হসপিটালে চিকিৎসাধীন। তিনি জানান, এসআইআর এর কাজের জন্য কয়েক দিন ঠিক মতন সময় খাওয়া ঘুম কিছুই হচ্ছিল না। আগে থেকেই তার শরীরও কিছুটা অসুস্থ রয়েছে। আর এই দুয়ের জেরে অসুস্থ হয়ে পড়েন। দুবার তিনি জ্ঞানও হারিয়ে ফেলেছেন।তবে এই অবস্থায় কাজ কিভাবে শেষ করবেন সেই নিয়ে বেড়েছে আরও চিন্তা।













