Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

খড়িবাড়ি সফরে তৃণমূল জেলা সভাপতির মুখে আশ্বাসের বাণী

খড়িবাড়ি সফরে তৃণমূল জেলা সভাপতির মুখে আশ্বাসের বাণী

বৃহস্পতিবার খড়িবাড়ি সফরে এলেন তৃণমূল কংগ্রেসের দার্জিলিং জেলা সভাপতি সঞ্জয় টিবরেওয়াল। সফরের শুরুতে তিনি স্থানীয় শিব ও কালী মন্দিরে পূজা দেন। পরে খড়িবাড়ি বাজার ঘুরে ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। এ সময় ব্যবসায়ীরা এলাকার নানান সমস্যার কথা তুলে ধরেন। তাঁদের অভিযোগ, খড়িবাড়ির রাস্তাঘাটের বেহাল দশা দীর্ঘদিন ধরে অব্যাহত রয়েছে। পাশাপাশি, বাজারে জমে থাকা আবর্জনার কারণে পরিবেশ নোংরা হয়ে পড়েছে। জেলা সভাপতি আশ্বাস দেন, খুব দ্রুত রাস্তা মেরামতি ও আবর্জনা পরিষ্কারের কাজ শুরু হবে।

এদিন ব্যবসায়ী বিষ্ণু প্রসাদ গুরুতর অভিযোগ তুলে ধরে বলেন, খড়িবাড়ি বর্তমানে মাদক চোরাকারবারিদের নিরাপদ ঘাঁটি হয়ে উঠেছে। থানার একশো মিটার দূরেই প্রকাশ্যে ব্রাউন সুগারসহ বিভিন্ন মাদক বিক্রি হচ্ছে। এতে বহু তরুণ মাদকাসক্ত হয়ে পড়ছে। অথচ প্রশাসন সব জেনেও কোনো ব্যবস্থা নিচ্ছে না।

অন্যদিকে, ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে দাবি ওঠে ঘোষপুকুরে ব্যক্তিগত জমিতে থাকা রেজিস্ট্রি অফিস সরিয়ে খড়িবাড়িতে সরকারি জমিতে স্থানান্তর করা হোক। তাঁদের মতে, এতে নকশালবাড়ি, ফাঁসিদেওয়া, ঘোষপুকুর ও বিধাননগরের মানুষ উপকৃত হবেন।

এই প্রসঙ্গে শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ জানান, খড়িবাড়ির রাস্তা ও আবর্জনার সমস্যা দ্রুত সমাধান করা হবে। রেজিস্ট্রি অফিস স্থানান্তরের দাবি গুরুত্ব দিয়ে বিবেচনা চলছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় মাদক সমস্যা নিয়ে তিনি বলেন, শুধু পুলিশ নয়, সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে। মাদক ব্যবসায়ীদের ধরিয়ে দিলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। তিনি সতর্ক করেন, কোনো রাজনৈতিক দলের কর্মী জড়িত থাকলেও তাকে রেহাই দেওয়া হবে না।

READ MORE.....