সরকারি হাসপাতালে ভর্তি রোগীর পরিবারকে আর মোটা টাকা খরচ করে বাইরে থেকে ওষুধ কিনতে হবে না। রাজ্যের প্রতিটি সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জন্য কড়া নির্দেশিকা জারি করল স্বাস্থ্য দপ্তর। নির্দেশ অনুযায়ী, এবার থেকে রোগীদের ওষুধ লিখতে হবে কেবল সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নির্ধারিত অফিশিয়াল প্রেসক্রিপশন পেপারেই। সেখানে চিকিৎসকের স্বাক্ষরের পাশাপাশি বড় হাতের অক্ষরে তাঁর নাম, স্পষ্টভাবে পদবি ও রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে।সম্প্রতি একাধিক সরকারি হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, রোগীর পরিবারকে চিরকুটে ওষুধের নাম লিখে বাইরে থেকে কিনতে বাধ্য করা হচ্ছে। এর সুযোগ নিয়ে সক্রিয় হয়ে উঠেছিল একশ্রেণির দালালচক্র।
হাসপাতালের স্টকে সব ওষুধ সবসময় থাকে না, এ কথা মেনে নিয়েই প্রশ্ন উঠেছিল, সেক্ষেত্রে কী হবে?এর জবাবে স্বাস্থ্য দপ্তরের স্পষ্ট নির্দেশ, চিকিৎসকের লেখা ওষুধ বা চিকিৎসা সামগ্রী হাসপাতালের নির্ধারিত তালিকায় না থাকলেও রোগীর পরিবারকে বাইরে থেকে কিনতে বলা যাবে না। সেই প্রেসক্রিপশন অবিলম্বে পাঠাতে হবে সুপার, নন-মেডিক্যাল ডেপুটি সুপার অথবা অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেনডেন্টের কাছে। হাসপাতাল কর্তৃপক্ষকেই স্থানীয়ভাবে ওষুধ কিনে রোগীকে বিনামূল্যে সরবরাহ করতে হবে। নির্দিষ্ট ওষুধ না মিললে ব্যবস্থা করতে হবে বিকল্পের। ফেয়ার প্রাইস মেডিসিন শপের দর অনুযায়ী ওষুধ তুলে দিতে হবে রোগীর পরিবারের হাতে।নির্দেশিকা পাঠানো হয়েছে রাজ্যের সব মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুপারিনটেনডেন্ট এবং অন্য কর্তৃপক্ষের কাছে। নির্দেশ অমান্য করলে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে স্বাস্থ্য দপ্তর।















