উৎসবের আবহে ফের সৃজনশীল মেজাজে ধরা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বড়দিন উপলক্ষে রাজ্যবাসীকে কেবল শুভেচ্ছাবার্তাই দিলেন না, বরং নিজের লেখা গানের মাধ্যমে ছড়িয়ে দিলেন বিশ্বশান্তির আহ্বান। বুধবার সমাজমাধ্যমে নিজের লেখা সেই নতুন গানটি ভাগ করে নিয়েছেন বাংলার প্রশাসনিক প্রধান। ৩ মিনিট ৫৩ সেকেন্ডের এই বিশেষ মিউজিক ভিডিওটিতে ফুটে উঠেছে সম্প্রীতি ও যিশুর অমৃতবাণীর কথা। প্রশাসনিক ব্যস্ততার মাঝেও সাহিত্য ও সংস্কৃতি চর্চায় মুখ্যমন্ত্রী যে কতটা সপ্রতিভ, এই গানটি আরও একবার তার প্রমাণ দিল।
বড়দিনের এই বিশেষ গানটিতে কণ্ঠ দিয়েছেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়। গানে গানে মুখ্যমন্ত্রী প্রার্থনা করেছেন— ‘শান্তির দীপ এসো ঘরে ঘরে/ তুমি প্রভু এসো হৃদয় জুড়ে/ এসো প্রভু সবার হৃদয় জুড়ে/ তুমি যে শান্তির বাণী প্রচারে/ দেখালে শান্তির পথ/ তোমার অমৃতবাণী সম্ভারে/ আমরা পেলাম সব/ এসো পিতা ঘরে ঘরে/ শান্তি দাও তুমি সবার তরে/ তুমি বিশ্ব বিশ্বপিতা/ আমাদের সবার নত মাথা/ তোমার বাণী সবার তরে/ শান্তি আসুক বিশ্ব জুড়ে/ তোমার আশিস ঘরে ঘরে/ বিশ্ব আসুক সবার ঘরে/ লহ প্রণাম… লহ প্রণাম… লহ প্রণাম… লহ প্রণাম/ তোমার বাণী সবার তরে/ নতুন সূর্য আসুক ঘরে/ বিশ্বপিতা, তুমি বিশ্বপিতা/ বিশ্বপিতা, তুমি শান্তিদাতা।’ প্রকাশিত এই ভিডিওটির চিত্রায়ণে তিলোত্তমার বড়দিনের চেনা মেজাজ ও উৎসবের মুহূর্তগুলো ধরা পড়েছে। বিশেষ করে পার্ক স্ট্রিট-সহ কলকাতার বিভিন্ন প্রান্তের ক্রিসমাস উদযাপনের দৃশ্যের পাশাপাশি কচিকাঁচাদের সঙ্গে মুখ্যমন্ত্রীর কাটানো কিছু সুন্দর মুহূর্তও ভিডিওটিতে ঠাঁই পেয়েছে।
বড়দিন মানেই যে জাতি-ধর্ম নির্বিশেষে মিলেমিশে থাকার উৎসব, সেই বার্তাই গানে গানে দিয়েছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বহুমুখী প্রতিভা অবশ্য রাজ্যবাসীর কাছে নতুন কিছু নয়। বছরভর প্রশাসনিক গুরুদায়িত্ব পালনের ফাঁকেও তিনি নিয়মিত কবিতা লেখেন, ছবি আঁকেন এবং গানের সুর করেন। সদ্যসমাপ্ত শারদ উৎসবেও তাঁর লেখা একাধিক গান বিভিন্ন মণ্ডপে শোনা গিয়েছিল। এমনকি কালীপুজো এবং ভাইফোঁটার আমেজও তিনি ফুটিয়ে তুলেছিলেন নিজের সৃষ্টিশীলতার মাধ্যমে। উৎসবের শেষলগ্নে এবার ক্রিসমাসের পুণ্য লগ্নে যিশুর চরণে প্রণাম জানিয়ে গানে গানেই বছর শেষের আনন্দে সামিল হলেন মুখ্যমন্ত্রী। ফাইল ফটো।













