বুধবার ঘাটালের সাংসদ দীপক অধিকারী ওরফে দেব যখন ঘাটালের বন্যা পরিস্থিতি নিয়ে প্রশাসনিক বৈঠক করছেন ঠিক সেই সময় মেদিনীপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ঘাটালের বীরসিংহ গ্রামে গিয়ে বিদ্যাসাগরের মূর্তিতে ফুলের মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করেন। তিনি বলেন, যখন ঘাটালের মানুষ বন্যার জলে হাবুডুবু খাচ্ছে, তখন এলাকার তৃণমূল কংগ্রেসের সাংসদ দীপক অধিকারী দেব শুটিংয়ে ব্যস্ত, দুর্গত মানুষদের পাশে এসে দাঁড়ানোর সময় তিনি পাননি।
যখন জল কমে যাচ্ছে তখন তিনি এসে ত্রাণ দেওয়ার নাম করে নাটক করছেন। সেই সঙ্গে তিনি বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘাটলে বন্যা হলে একটু জলে নেমে ছবি তুলে চলে যান, কিন্তু ঘাটালের মানুষের সমস্যার সমাধান আজও হয়নি। যার ফলে ঘাটালের মানুষ জল যন্ত্রণা থেকে এখনো মুক্তি পায়নি। তিনি আরো বলেন, রাজ্য থেকে এই সরকারকে সরালে তবেই ঘাটালের মানুষ বন্যার হাত থেকে মুক্তি পাবে ঘাটালে মাস্টার প্ল্যান রুপায়িত হবে। তাই তিনি বিদ্যাসাগরের জন্মভূমিতে দাঁড়িয়ে রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারকে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে রাজ্য থেকে বিদায় দেওয়ার জন্য আহ্বান জানান।













