চলতি বছরেই ভারত সফরে আসছেন পুতিন। রাশিয়ার কাছে ভারত খুবই গুরুত্বপূর্ণ। নয়াদিল্লির কাছে তেল বিক্রি করাও বন্ধ করবে না মস্কো। মার্কিন শুল্কযুদ্ধ ঘিরে কূটনৈতিক টানাপড়েনের মাঝে এমনটাই জানাল রাশিয়া। পাশাপাশি এ-ও জানানো হয়েছে, চলতি বছরের শেষেই ভারত সফরে আসবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নয়াদিল্লিতে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে।
রাশিয়া থেকে ভারত তেল কেনায় নয়াদিল্লির উপর অসন্তুষ্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার সঙ্গে ব্যবসা করার জন্য ভারতের উপর চড়া হারে শুল্ক চাপিয়েছেন তিনি। তাঁর অভিযোগ, ভারতের সঙ্গে ব্যবসার লভ্যাংশ ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহার করছে রাশিয়া। ট্রাম্পের এই সিদ্ধান্তের শুরু থেকেই বিরোধিতা করে আসছে ভারত। ভারতীয় বিদেশ মন্ত্রক থেকে এ বিষয়ে বিবৃতিও দেওয়া হয়েছে। এই কূটনৈতিক টানাপড়েনের আবহে নয়াদিল্লির পাশে দাঁড়াল মস্কোও।













