ফের দিনহাটা শহরের এক নম্বর ওয়ার্ডের মতিলাল সরকার লেন এলাকায় ভর সন্ধ্যায় চুরির চেষ্টার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
শনিবার সন্ধ্যা আনুমানিক ৭টা নাগাদ ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, ওই এলাকার বাসিন্দা বিপুল কুমার নন্দী ও তাঁর স্ত্রী চিকিৎসার কাজে বাড়ির বাইরে ছিলেন। তাঁদের ছেলে কুশল নন্দীও কর্মসূত্রে বাইরে ছিলেন। সন্ধ্যায় বাড়ি ফিরে এসে কুশল নন্দী দেখেন বাড়ির গ্রিলের তালা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে এবং ঘরের ভিতরে আলমারি খোলা ও ঘর সম্পূর্ণ লন্ডভন্ড।
ঘটনার পরই বিষয়টি স্থানীয়দের জানানো হয় এবং খবর দেওয়া হয় দিনহাটা থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।
কুশল নন্দী জানান, কিছুদিন আগেই একই ওয়ার্ডের পাশের পাড়ায় চুরির ঘটনা ঘটেছিল। সেই কারণে আগেভাগেই বাড়ির গুরুত্বপূর্ণ জিনিসপত্র লকারে রাখা ছিল, ফলে বড়সড় চুরির ঘটনা এড়ানো গিয়েছে।














