দেগঙ্গায় ভোটের আগে ফের বোমা উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে। দেগঙ্গার ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের গোবর্ধনপুর এলাকায় এক আইএসএফ নেতার বাড়ির দরজার সামনে থেকে দু’টি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। ঘটনাকে ঘিরে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। শুরু হয়েছে তৃণমূল ও আইএসএফের রাজনৈতিক চাপানউতোর।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ভোরে দেগঙ্গার আইএসএফ নেতা মহাম্মদ হাবিবুল রহমান বাড়ির সদর দরজা খুলতেই দরজার গোড়ায় পড়ে থাকতে দেখেন দু’টি তাজা বোমা। তিনি সঙ্গে সঙ্গে দেগঙ্গা থানায় খবর দেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বোমা দু’টি উদ্ধার করে এবং এলাকা ঘিরে তদন্ত শুরু করে।
মহাম্মদ হাবিবুল রহমান আইএসএফের অঞ্চল সম্পাদক। তাঁর অভিযোগ, তৃণমূলের দুষ্কৃতীরাই ভয় দেখাতে এই ঘটনা ঘটিয়েছে। তিনি দাবি করেন, কয়েক দিন আগে পদ্মপুকুর বাজারে আইএসএফ প্রার্থী পিয়ারুল ইসলামের সমর্থনে সভায় তিনি শাসকদলের দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছিলেন। তার জেরেই প্রতিশোধ নিতে তাঁর বাড়ির সামনে বোমা রাখা হয়েছে। তাঁর আরও দাবি, এই নিয়ে দ্বিতীয়বার একইভাবে তাঁর বাড়ির সামনে বোমা রাখা হল।
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, ভোটের আগে ভয়ের পরিবেশ তৈরি করতেই আইএসএফ এই নাটক সাজিয়েছে। তাঁদের পালটা অভিযোগ, কয়েক দিন আগেই এলাকার একটি জঙ্গল থেকে আইএসএফের মজুত করা বোমা উদ্ধার হয়েছিল।
দ্বিতীয় দফার নির্বাচনের আগে এই ঘটনায় নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে দেগঙ্গার রাজনৈতিক পরিবেশ। গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। কে বা কারা বোমা রেখে গেল, তা জানতে তদন্ত শুরু করেছে দেগঙ্গা থানার পুলিশ।














