Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

পুরভোটের প্রস্তুতি শুরু বিজেপির

পুরভোটের প্রস্তুতি শুরু বিজেপির

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পশ্চিমবঙ্গে সরকার গঠনের পর এবার বিজেপির লক্ষ্য কলকাতা ও হাওড়ার পুরসভা দখল করা। তারপরেই টার্গেট দুর্গাপুর। আনুষ্ঠানিকভাবে দিনক্ষণ ঘোষণা না হলেও কলকাতা ও হাওড়া পুরসভা নির্বাচনকেlকেন্দ্র করে রাজনৈতিক সরগরম তুঙ্গে। সূত্রের খবর, আগামী ৭ ডিসেম্বরের মধ্যে কলকাতা পুরসভা বোর্ড গঠনের লক্ষ্যে এখনই কোমর বেঁধে মাঠে নামছে গেরুয়া শিবির। মঙ্গলবারে উত্তর ও দক্ষিণ কলকাতার বিধায়কদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল, সুকান্ত মজুমদার ও অমিতাভ চক্রবর্তীর মতো শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

 

বুথস্তরের প্রস্তুতি, ওয়ার্ডভিত্তিক সাংগঠনিক শক্তি এবং প্রার্থী বাছাইয়ের মতো স্পর্শকাতর বিষয়গুলি নিয়ে এই বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। এমতাবস্থায় রাজ্য বিজেপির পক্ষ থেকে দুই পুরসভার নির্বাচনী পরিচালনার জন্য দায়িত্বপ্রাপ্তদের একটি তালিকা প্রকাশ করা হয়েছে। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের ইন-চার্জ করা হয়েছে সুকান্ত মজুমদারকে, যার সাথে কো-ইনচার্জ পদে অনিন্দ্য ব্যানার্জি এবং কনভেনর ও কো-কনভেনার পদে যথাক্রমে তাপস রায় ও রীতেশ তিওয়ারিকে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে, হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের ইন-চার্জ পদে রাহুল সিনহা এবং কনভেনার হিসেবে সঞ্জয় সিং-কে নিযুক্ত করা হয়েছে।

 

রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যের অনুমোদিত এই তালিকার মাধ্যমে নির্বাচনী যুদ্ধজয়ের জন্য সংগঠনকে মজবুত করাই দলের মূল লক্ষ্য। অন্যদিকে, বোর্ড না ভাঙিয়ে নিজেরা ভোটে লড়েই পুরসভা ও পঞ্চায়েত বিজেপি দখল করতে চায় বলে সাফ জানিয়ে দিয়েছেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। তাঁর দাবি, হাওড়ায় গত ১৩ বছর ধরে নির্বাচন হয়নি এবং দুর্গাপুরে ৮ বছর ধরে পুরভোট হয়নি। তাঁর কথায়, ‘নির্বাচন অবশ্যই হওয়া উচিত। তা না হলে মানুষ পরিষেবা পাবে না, উন্নয়নও হবে না।’ দিলীপ ঘোষ আরও বলেন, ‘ভারতীয় জনতা পার্টি এ রাজ্যে যেভাবে লড়াই করে নিজেদের ক্ষমতা প্রতিষ্ঠা করেছে, আগামী পুরসভা নির্বাচনেও সেই ভাবেই লড়াই করে নিজেদের বোর্ড তৈরি করবে।

 

‘ তাঁর দাবি, উন্নয়নের ধারা যাতে নিচুতলা পর্যন্ত পৌঁছয়, সেই লক্ষ্যেই বলিষ্ঠ নেতৃত্বকে পুরভোটের দায়িত্ব দিয়েছে দল। সব ঠিক থাকলে আগামী নভেম্বরেই কলকাতা পুরসভার নির্বাচন হতে পারে। আগামী ৭ ডিসেম্বরের মধ্যে নতুন কলকাতা পুরসভা বোর্ড গঠন করতে হবে। সেই কারণে তার আগেই নির্বাচন সম্পন্ন করার প্রয়োজন রয়েছে। এই পরিস্থিতিতে পুরভোটের আগে বিজেপির বিশেষ কমিটি গঠন এবং বিধায়কদের সঙ্গে বৈঠককে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

READ MORE.....