পুরীর খাজাতেও বিষ! ফেলা গেল কুইন্টাল কুইন্টাল খাজা. ওড়িশার জগৎবিখ্যাত তীর্থক্ষেত্রের অন্যতম আকর্ষণ খাজা। এই কারণে পুরী ফেরত বাঙালি পর্যটক আত্মীয়-বন্ধুদের মধ্যে খাজা বিতরণ করবেই। সেই খাজাতেও বিষ! উঠছে খাদ্য সুরক্ষার প্রশ্ন। সম্প্রতি পুরীর মন্দির সংলগ্ন এলাকা এবং স্বর্গোদ্বার সৈকতের খাজার দোকানগুলিতে অভিযান চালায় রাজ্য সরকারের খাদ্য সুরক্ষা দপ্তর ও পুলিশ। অভিযানে নিম্নমানের খাদ্য সামগ্রী ব্যবহার, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ইত্যাদি অভিযোগ ৪ কুইন্টাল খাজা নষ্ট করেন আধিকারিকরা।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, খাজার গুণমান নিয়ে বারবার অভিযোগ আসছিল। সেই কারণেই হাতেকলমে গুণমান যাচাই করতে ‘সারপ্রাইজ’ অভিযান চালান খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা। সঙ্গে ছিল সিটি ডিএসপির নেতৃত্বে পুলিশের একটি দল। পুলিশ সুপার প্রতীক সিং জানিয়েছেন, ভক্তদের চড়া দামে নিম্নমানের ও নকল খাজা বিক্রি হওয়ার অভিযোগ উঠছিল বারবার। তার পরিপ্রেক্ষিতেই পুলিশ প্রশাসন এই বিশেষ অভিযান শুরু করে। অভিযান চালানো হয় মূলত শ্রী কৃষ্ণ সিনেমা লেন, বড়দণ্ড, স্বর্গদ্বার এবং আশপাশের এলাকায়। দোকানগুলি বিন্দুমাত্র খাদ্য সুরক্ষার নিয়ম মানেনি।














