প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে আন্ডারওয়াটার মেট্রোয় অভিনব কর্মসূচি। হাওড়া ময়দান থেকে মহাকরণ পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রোর যাত্রীদের মধ্যে ‘আশীর্বাদের প্রদীপ’ কর্মসূচির আওতায় দিয়া বিতরণ করা হল। এই উদ্যোগের মাধ্যমে দেশের প্রথম আন্ডারওয়াটার মেট্রো উপহারের জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী উমেশ রাই হাওড়া ময়দান থেকে মহাকরণ পর্যন্ত আন্ডারওয়াটার মেট্রোয় যাত্রা করেন। যাত্রাপথে সাধারণ যাত্রীদের হাতে দিয়া তুলে দিয়ে তাঁদের সঙ্গে প্রধানমন্ত্রীর জন্মদিনের শুভেচ্ছা ভাগ করে নেন তিনি। উমেশ রাই বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে দেশবাসী ভারতের প্রথম আন্ডারওয়াটার মেট্রো পেয়েছে। সেই ঐতিহাসিক প্রকল্পের জন্য কৃতজ্ঞতা জানাতেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।
তাঁর কথায়, ‘আশীর্বাদের দিয়া’ শুধু একটি প্রদীপ নয়, জনসেবা, উন্নয়ন এবং উজ্জ্বল ভারতের প্রতীক। এদিন মেট্রোয় যাত্রীদের সঙ্গে মতবিনিময়ও করেন প্রতিমন্ত্রী। উদ্যোক্তাদের দাবি, জনসম্পৃক্ততার মাধ্যমে সেবা ও উন্নয়নের বার্তা পৌঁছে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।















