কারাবো মেসোর ১৮ বছর পূর্ণ হতে আরও কয়েকদিন বাকি। এই কিশোরীর সামনে এখন বিশ্বকাপে খেলার হাতছানি। উইমেন’স ওয়ানডে বিশ্বকাপের দক্ষিণ আফ্রিকা দলে ডাক পেয়েছেন এই কিপার-ব্যাটার। কদিন আগে অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার করে নেওয়া সাবেক অধিনায়ক ডানে ফন নিকার্ক দলে জায়গা পাননি।ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠেয় বিশ্বকাপের জন্য বুধবার ১৫ জনের দল দিয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)।২০২৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেওয়া ফন নিকার্ক গত ২৫ অগাস্ট অবসর ভেঙে ফেরার ঘোষণা দেন বিশ্বকাপে চোখ রেখেই। একই দিনে বিশ্বকাপের জন্য দক্ষিণ আফ্রিকার ২০ জনের অনুশীলন ক্যাম্পের দলে রাখা হয় ৩২ বছর বয়সী এই অলরাউন্ডারকে।
যদিও গত ২৮ অগাস্ট দক্ষিণ আফ্রিকা কোচ মান্ডলা মাশিম্বি স্পষ্ট করে দিয়েছিলেন যে, ফন নিকার্ক তাদের বিশ্বকাপ পরিকল্পনার ‘অংশ নন’ এবং ‘সবকিছু ঠিকঠাক করার পরই’ কেবল তাকে দলে বিবেচনা করা হবে। দল থেকে তার বাদ পড়াটা তাই অবাক করার মতো কিছু নয়।ক্রিকেট বোর্ডের ফিটনেসের মানদণ্ড পূরণ করতে ব্যর্থ হয়ে ঘরের মাঠে ২০২৩ টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা না পাওয়ায়, ওই বছরের মার্চে ২৯ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছিলেন ফন নিকার্ক। ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলে চালিয়ে গেছেন তিনি। এই লেগ স্পিনিং অলরাউন্ডার সবশেষ আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছেন ২০২১ সালের সেপ্টেম্বরে।
১৭ বছর বয়সী মেসো এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকার হয়ে দুটি ওয়ানডে খেলে রান করেছেন ১৬। পাঁচটি টি-টোয়েন্টিতে রান মোটে ২৪। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা আছে তার।মেসোর পাশাপাশি আরও চার জন ক্রিকেটার দলে আছেন, যারা ওয়ানডে বিশ্বকাপে খেলবেন প্রথমবার।বিশ্বকাপের আগে লাহোরে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচ ৩ অক্টোবর, ইংল্যান্ডের বিপক্ষে।













