Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

দীপাবলির রাতে দূষণে বিপর্যস্ত কলকাতা

দীপাবলির রাতে দূষণে বিপর্যস্ত কলকাতা

বাজি পোড়ানোর প্রভাব কতটা ভয়াবহ হতে পারে, দীপাবলির রাতের দূষণ পরিসংখ্যানে তার প্রমাণ মিলল। সোমবার রাত ২টো নাগাদ কলকাতার গড় বায়ুমান সূচক (একিউআই) পৌঁছে যায় ৪৩৭-এ। বিধাননগরের সল্টলেকের ইই ব্লকে পরিস্থিতি আরও ভয়াবহ। সেখানে একিউআই ছিল ৬৬২। কাঁকুড়গাছিতেও এই সূচক ৬১০ ছুঁয়েছে। অর্থাৎ, উৎসবের রাতের কয়েক ঘণ্টার মধ্যেই শহরের বহু এলাকার বাতাস স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত বিপজ্জনক হয়ে ওঠে।

 

দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, কলকাতার বাতাসে পিএম ২.৫-এর ঘনত্ব প্রতি ঘনমিটারে ২৯৩ মাইক্রোগ্রাম এবং পিএম ১০-এর পরিমাণ ৩৫৪ মাইক্রোগ্রাম। উত্তর কলকাতার মানিকতলায় একিউআই ৫৩৮, বেনিয়াপুকুরে ৫২৮। লেবুতলায় ৪৯১ এবং কাশীপুরে ৪৯০। মধ্য কলকাতার ফোর্ট উইলিয়ামে সূচক ৪৮৪। এলগিন রোড ও হেস্টিংসে ৪৬২ এবং ময়দানে ৪৬১। দক্ষিণ কলকাতাও দূষণের হাত থেকে রেহাই পায়নি। চক্রবেড়িয়ায় একিউআই ৪৭৮, বালিগঞ্জে ৪৭৪, লেক টেরাসে ৪৪৬ এবং ভবানীপুরে ৪৩২। বিধাননগরের ডিজে ব্লকে এই পরিমাণ ৫৫৭ এবং পুরসভা এলাকায় ৪৯০। চিকিৎসকদের আশঙ্কা, এই মাত্রার দূষণ কেবল আগে থেকে অসুস্থদের নয়, সুস্থ মানুষের শ্বাসযন্ত্রের পক্ষেও ক্ষতিকর।

 

ফুসফুস বিশেষজ্ঞ পার্থসারথি ভট্টাচার্যের কথায়, “একিউআই ৪০০ ছাড়িয়ে যাওয়া মানে স্বাভাবিক মানুষের ক্ষেত্রেও শ্বাসতন্ত্রে মারাত্মক ক্ষতি হওয়া।” হাঁপানি, সিওপিডি ও অ্যালার্জির রোগীদের বিশেষ সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি। তাঁর মতে, প্রয়োজন ছাড়া সকালে বাইরে না বেরোনোই ভাল। চিকিৎসকদের পরামর্শ, বাড়ির জানলা বন্ধ রাখতে হবে। বাইরে যেতেই হলে এন-৯৫ মাস্ক ব্যবহার করা উচিত। শিশু ও প্রবীণদের দূষিত বাতাস থেকে দূরে রাখার উপরেও জোর দিচ্ছেন তাঁরা। তবে দেশের দূষণচিত্রে কলকাতার অবস্থান তুলনামূলক ভাল ছিল।

 

দীপাবলির রাতে দিল্লিতে একিউআই ১৭১৩, ইন্দোরে ১৫৯৭, উজ্জয়িনীতে ১৫৩০ এবং রতলমে ১২৭০ হয়েছে বলে দেওয়া পরিসংখ্যানে উল্লেখ। দেশের সবচেয়ে দূষিত দশটি শহরের তালিকায় কলকাতা না থাকলেও আন্তর্জাতিক তালিকায় শহরটির স্থান ছিল ৭২ নম্বরে। অন্য শহরের তুলনায় কলকাতা কিছুটা ভাল জায়গায় থাকলেও স্বস্তির অবকাশ নেই। আদালত ও প্রশাসনের বাজি সংক্রান্ত বিধিনিষেধ থাকা সত্ত্বেও শহরের একাধিক এলাকায় দূষণের এমন বিস্তার নজরদারির কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলছে। নিয়ম ভাঙার ঘটনা কতটা ঘটেছে এবং নিয়ন্ত্রণের ব্যবস্থা কোথায় দুর্বল ছিল, তা খতিয়ে দেখাই এখন প্রশাসনের সামনে বড় চ্যালেঞ্জ।

READ MORE.....