ফের রবিবার সারাদিন বন্ধ দ্বিতীয় হুগলি সেতু। আজ, শুক্রবার হাওড়া সিটি পুলিশের তরফে এই কথা জানানো হয়েছে। রবিবার ভোর ৪টে থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত সম্পূর্ণভাবে বন্ধ থাকবে গাড়ি চলাচল।
শুক্রবার এই প্রসঙ্গে হাওড়া সিটি পুলিশের ডিসি ট্রাফিক সুজাতা কুমারী বীণাপানি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। তিনি বলেন, ‘‘সেতুতে কাজ শুরু হবে ভোর সাড়ে ৪টে-৫টা থেকে। কিন্তু কাজের জন্য একটু আগে থেকেই সেতুতে যানবাহন চলাচল বন্ধ করে দিতে হচ্ছে।
আবার কাজ শেষ হওয়ার পরও সেতুকে সচল করতে কিছুটা সময় নেওয়া হবে। তাই অতিরিক্ত সময় নিয়েই ভোর ৪টে থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত দ্বিতীয় হুগলি সেতুতে যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।













