মাত্র ২৪ ঘন্টা আগেই পশ্চিমবঙ্গের রাজনীতি তোলপাড় শুরু হয়েছিল তিনি আবার এনসিপিআই ছেড়ে মমতা তৃণমূলে ফিরতে চাইছেন বলে মন্তব্য করার পরেই। কিন্তু যাবতীয় জল্পনা উড়িয়ে এবারে দাবি করলেন এমন কোন কথাই নাকি তিনি বলেননি। গতকাল, শুক্রবার প্রয়াত কংগ্রেস নেতা প্রিয়রঞ্জন দাশমুন্সির জন্মবার্ষিকীর অনুষ্ঠানে গিয়ে যা বলেছিলেন, সেটা অতিরঞ্জিত করে দেখানো হয়েছে। এমনটাই দাবি প্রসূনের। মমতা তৃণমূলে নয়, খেলার মাঠে ফেরার কথা বলেছিলেন, আজ, শনিবার অবস্থান স্পষ্ট করে জানালেন হাওড়ার সাংসদ। তিনি এনসিপিআই-তেই আছেন বলে সাফ জানিয়েছেন। শুক্রবার হাওড়ার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, খেলার ময়দানে অনেকবার দল পাল্টেছি।
এখন একটা রাজনৈতিক দলে আছি ঠিকই। তবে আমি আবার ফিরে আসব। কুণাল যা বলেছে ঠিকই বলেছে। ও শিক্ষিত, ভদ্র পরিবারের ছেলে। কোনও ভুল কথা বলেনি। প্রসূনের সেই বক্তব্যের পর রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছিল। প্রিয়রঞ্জন দাশমুন্সির আবক্ষ মূর্তি উন্মোচনের অনুষ্ঠানে রাজনৈতিক মহলের কৌতূহল বাড়িয়ে প্রথমে পাশাপাশি বসেন হাওড়ার সাংসদ এবং বেলেঘাটার বিধায়ক। কুণাল পরে জানান, তিনি প্রসূনকে বলেছেন, আপনি রাজনীতির অনেক উপরে। আপনি একজন বিখ্যাত ক্রীড়া ব্যক্তিত্ব। আপনি কেন দিল্লিতে ধোপার বাড়িতে গেলেন? আপনি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো দিনের সঙ্গী। আপনাকে এটা মানায় না। উনি বললেন, ঠিকই বলেছো, মনকষ্টে আছি। তাহলে কী মমতা তৃণমূলে কামব্যাক করছেন প্রসূন? যদিও তেমনটা নয় বলে স্পষ্টভাবে জানিয়েছেন হাওড়ার সাংসদ। প্রসূন বলেছেন, শুক্রবার প্রিয়দার মূর্তির উদ্বোধনী অনুষ্ঠানে আমি উপস্থিত ছিলাম। সেখানে কুণাল ঘোষ-সহ বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। কুণাল আমার পাশেই বসেছিলেন। আমাদের মধ্যে সৌজন্যমূলক কথাবার্তা হয়।
প্রিয়দার সম্পর্কেও আলোচনা হয়। তবে সংবাদমাধ্যমের সূত্রে জানতে পারলাম, আমাদের এই সংক্ষিপ্ত ও সৌজন্যমূলক কথাবার্তার মুহূর্ত নিয়ে কিছু স্বার্থান্বেষী মহল রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করছে। আমি স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, কুণাল ঘোষের সঙ্গে আমার কোনও ধরনের রাজনৈতিক আলোচনা হয়নি। সবটাই রং চড়িয়ে লেখা হচ্ছে। এদিকে মাত্র ২৪ ঘন্টাতে প্রসূনের এই ভোলবদলে হতবাক হয়েছেন সকলে। যদিও রাজনৈতিক মহলের ধারণা, এনসিপিআই নেতৃত্বের কাছে ধমক খেয়েই নিজের অবস্থান বদল করেছেন প্রসূন বন্দ্যোপাধ্যায়। বিষয়টি স্পষ্ট করতে ১৪ নভেম্বর একটি লিখিত বিবৃতি প্রকাশ করেছেন তিনি।













