প্রতিবেশী দেশ বাংলাদেশে চলমান রাজনৈতিক অস্থিরতা ও সংখ্যালঘু হিন্দুদের উপর ধারাবাহিক নির্যাতনের অভিযোগ ঘিরে উদ্বেগ বাড়ছে এপার বাংলাতেও।সেই প্রভাব এবার সরাসরি পড়ল মালদহ শহরের হোটেল শিল্পে। বর্তমান পরিস্থিতিতে মালদহের বিভিন্ন হোটেল কর্তৃপক্ষ বাংলাদেশি নাগরিকদের আর ঘর না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
এতদিন মেডিক্যাল ভিসা কিংবা স্টুডেন্ট ভিসা নিয়ে আসা বাংলাদেশিদের মালদহের হোটেলগুলিতে থাকার অনুমতি দেওয়া হতো।কিন্তু সাম্প্রতিক পরিস্থিতিতে সেই প্রথা আপাতত বন্ধ করার পথে হোটেল মালিকরা। মালদহ হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি কৃষ্ণেন্দু চৌধুরী জানান, বাংলাদেশ থেকে বর্তমানে পাসপোর্ট ও ভিসা সংক্রান্ত প্রক্রিয়া কার্যত বন্ধ রয়েছে।সেই কারণেই নিরাপত্তা ও প্রশাসনিক জটিলতা এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন,বাংলাদেশের পরিস্থিতি আমাদের সকলকেই চিন্তিত করছে। কোনও অনিশ্চয়তার মধ্যে পড়তে আমরা চাই না।হোটেল মালিকদের এই সিদ্ধান্ত প্রশাসনকেও জানানো হয়েছে বলে সূত্রের খবর।অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের তরফে জানানো হয়েছে, বৈদেশিক নীতি সম্পূর্ণভাবে কেন্দ্রীয় সরকারের অধীনে। রাজ্য সরকার সেই নীতিকেই অনুসরণ করবে।সব মিলিয়ে আন্তর্জাতিক পরিস্থিতির আঁচ যে মালদহের পর্যটন ও ব্যবসায়িক ক্ষেত্রেও পড়তে শুরু করেছে তা স্পষ্ট।













