মুর্শিদাবাদের বেলডাঙায় ‘বাবরি’ মসজিদের শিলান্যাসকে কেন্দ্র করে রাজ্যে অশান্তি সৃষ্টির আশঙ্কায় বড় পদক্ষেপ নিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। জনসাধারণের সাহায্য ও নিরাপত্তা নিশ্চিত করতে রাজভবন তথা অধুনা লোক ভবনে চালু হল ‘অ্যাক্সেস পয়েন্ট সেল’। ৬ ডিসেম্বর অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের দিনেই বেলডাঙায় বিধায়ক হুমায়ুন কবীর এই শিলান্যাস করছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাধারণের জন্য এই বিশেষ হেল্প ডেস্ক খোলা হয়েছে। লোক ভবনের তরফে জানানো হয়েছে, এই সেল ২৪ ঘণ্টা, সপ্তাহে সাত দিন কার্যকরী থাকবে। যে কোনও নাগরিক ফোন বা ই-মেলের মাধ্যমে সেলের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। যেকোনো ধরনের হুমকি, অশান্তি, ভয় দেখানো বা উস্কানিমূলক বক্তব্য সম্পর্কে সরাসরি রাজ্যপালকে জানানো যাবে। রাজ্যপাল নিজে এই সেলের কাজের উপর নজরদারি করবেন।
রাজভবনের তিন পদাধিকারীকে এই সেলের দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁরা হলেন প্রাক্তন আইএএস অফিসার এস কে পট্টনায়ক (চিফ অফ স্টাফ), সন্দীপ সিংহ রাজপুত (সিনিয়র ওএসডি), এবং সুরেশ বৈদিয়ান (ওএসডি)। রাজ্যপাল এই প্রেক্ষিতে রাজ্যের মানুষকে শান্ত, সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানিয়েছেন। কোনো গুজব বা উস্কানিমূলক মন্তব্যে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
ইতিমধ্যে রাজ্যপাল রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছেন। বেলডাঙার এই কর্মসূচিকে কেন্দ্র করে রাজ্যের কোথাও যাতে আইনশৃঙ্খলা বিঘ্নিত না হয়, তার জন্য সবরকম প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। রাজ্যের মানুষ যেন শান্তি বজায় রাখেন, সেই বিষয়ে আস্থা প্রকাশ করেছেন রাজ্যপাল। যোগাযোগের নম্বর ও ই-মেল হল । ফোন, ০৩৩-২২০০১৬৪১ । ই-মেল, ওএসডি২ডব্লিউ ডট বি ডট গভর্নর @ জিমেল ডট কম । জেনারেল সেল জিএস @ জিমেল ডট কম । স্পেশাল সেল জিএস @ জিমেল ডট কম ।













