Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

বারুইপুর-গাইঘাটা-মুর্শিদাবাদের পর এবার রায়গঞ্জে এনকাউন্টার!

বারুইপুর-গাইঘাটা-মুর্শিদাবাদের পর এবার রায়গঞ্জে এনকাউন্টার!

দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর, উত্তর ২৪ পরগনার গাইঘাটা, মুর্শিদাবাদের ধুলিয়ানের পরে এবারে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ। গত মে মাসে পশ্চিমবঙ্গে বিজেপির সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে এই নিয়ে চার চারটি ঘটনায় পুলিশের সঙ্গে এনকাউন্টারে নিহত হলো অভিযুক্তরা। রায়গঞ্জের গভীর জঙ্গল থেকে এক নাবালিকার বিবস্ত্র পচাগলা মৃতদেহ উদ্ধারের ঘটনায় পলাতক মূল অভিযুক্তকে খুঁজতে গিয়ে পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হলো মূল অভিযুক্ত দিলীপ রায়। আর রায়গঞ্জের এই ঘটনার পরে সরাসরি এই প্রসঙ্গ না তুলেও রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, ‘পুলিশকে খোলা হাত দিয়ে রেখেছি।’

কি ঘটেছিল

গত মঙ্গলবার থেকে নিখোঁজ ছিল ১২ বছরের কিশোরী। বৃহস্পতিবার, ৫ নভেম্বর কুলিকের জঙ্গল থেকে তাঁর বিবস্ত্র দেহ উদ্ধার করা হয়। দেহে পচন ধরেছিল বলে খবর। কিশোরীর পরিবারের লোকজন গণধর্ষণ করে খুনের অভিযোগ তুলেছিলেন। সেই মতো পুলিশ পকসো আইনে মামলা রুজু করে এবং তদন্ত শুরু হয়। তবে চার দিন কেটে গেলেও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। অভিযুক্তের খোঁজ চলছিল। সূত্রের খবর, দিলীপ গৌরী গ্রাম পঞ্চায়েত এলাকায় লুকিয়ে আছেন বলে পুলিশ জানতে পারে। ভোর সাড়ে ৩টে নাগাদ সেখানে অভিযান চালানো হয়। পুলিশ আসছে বুঝতে পেরেই পালানোর চেষ্টা করেন দিলীপ। বিহার সীমান্তের দিকে পালাচ্ছিলেন তিনি। পিছনে ধাওয়া করেন পুলিশ আধিকারিকেরা। ওই সময় ৯ এমএম পিস্তল দিয়ে তিনি পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়েন বলে অভিযোগ। কোনও পুলিশকর্মী আহত হননি। তবে পুলিশের গাড়িতে গুলি লেগেছে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। তাতেই মৃত্যু হয় অভিযুক্তের। গুরুতর জখম অবস্থায় তাঁকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাস্থলে এখনও রক্তের দাগ রয়েছে। জায়গাটি ঘিরে দিয়েছে পুলিশ। অভিযুক্তের কাছে পিস্তল কোথা থেকে এল, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

কি জানিয়েছেন মুখ্যমন্ত্রী

বিরোধী দলনেতা থাকাকালীন স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন শুভেন্দু অধিকারী, ‘সকালে জমা, বিকেলে খরচ’৷ সোমবার রায়গঞ্জের ঘটনার পরে নামোল্লেখ না করেও কার্যত এমনই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ বললেন, ‘পুলিশকে খোলা হাত দিয়ে রেখেছি’৷ দিঘার একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, ‘আমরা পশ্চিমবঙ্গের কোন কন্যাদের উপরে ধর্ষণ ও খুন করলে, অত্যাচার করলে আমরা পুলিশকে খোলা হাত দিয়ে রেখেছি৷ যা দরকার তাই করবে৷ প্রয়োজন পরিস্থিতি অনুযায়ী করবে৷ এবং তাই হচ্ছে৷ আমরা হুঁশিয়ারি দিতে চাই, ড্রাগস মাফিয়া, ধর্ষক ও অনুপ্রবেশকারীদের, এই রাজ্যে আপনাদের কোনও জায়গা নেই’৷

ঘটনায় পূর্ণ সমর্থন সুকান্তের

এবিষয়ে কথা বলতে গিয়ে উত্তর দিনাজপুরের বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তাঁর জেলায় ঘটে যাওয়া এনকাউন্টার প্রসঙ্গে বলেন, ‘শুধু পালানোর চেষ্টাই করে না, গুলিও চালায়৷ পুলিশের গাড়িতে সেই দাগও পাওয়া গিয়েছে৷ পুলিশের দিকে গুলি চালালে পুলিশ তো আর লাড্ডু ছুঁড়বে না, গুলিই ছুঁড়বে৷ এটা স্পষ্ট হয়ে গেছে, যে আমাদের সরকারের অবস্থান, এই সমস্ত রেপিস্টদের ক্ষেত্রে একদম কড়া৷ এর আগের সরকারের ক্ষেত্রে আমরা দেখেছিলাম, ভিক্টিমদের চরিত্র, তার সাথে কী সম্পর্ক ছিল, মুখ্যমন্ত্রী থেকে অন্য নেতারা মন্তব্য করেছে৷ আমরা এমন করব না৷ যারা রেপ করেছে, তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেব৷ মহিলাদের উপরে অত্যাচারের ক্ষেত্রে অভিযুক্তকে আইনি পথে চরম শাস্তি দেওয়ার সমস্ত ব্যবস্থা করবে৷’

READ MORE.....