ফের উত্তপ্ত বালোচিস্তান। পাকিস্তান সেনার কনভয়ে ভয়াবহ হামলায় প্রাণ হারালেন অন্তত ২৩ জন জওয়ান। আহত হয়েছেন আরও বহু সেনাসদস্য। রবিবার বালোচিস্তানের লাসবেলা জেলার এন-২৫ জাতীয় সড়কে এই হামলা চালানো হয়। সূত্রের খবর, লাসবেলার কাশারী এলাকায় ফ্রন্টিয়ার ফোর্সের পনেরোটি গাড়ির কনভয় লক্ষ্য করে হামলা চালানো হয়। ব্যাপক বিস্ফোরণের পাশাপাশি একাধিক গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।
হামলার পরই ওই জাতীয় সড়ক বন্ধ করে দেয় পাক প্রশাসন। এলাকায় পাঠানো হয়েছে বিপুল সংখ্যক সেনা, শুরু হয়েছে তল্লাশি অভিযান।এখনও কোনও সংগঠন হামলার দায় স্বীকার না করলেও, অনুমান করা হচ্ছে এর নেপথ্যে রয়েছে বালোচ বিদ্রোহীরাই। উল্লেখ্য, এন-২৫ জাতীয় সড়ক করাচি ও কোয়েটাকে যুক্ত করা বালোচিস্তানের অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত করিডর, যেখানে আগেও একাধিকবার পাক সেনার উপর হামলা হয়েছে।বালোচ লিবারেশন আর্মি দীর্ঘদিন ধরে পাকিস্তানি শাসনের বিরুদ্ধে লড়াই চালাচ্ছে।
এর আগে বিদ্রোহীরা বালোচিস্তানের ৮৫ শতাংশ এলাকা নিজেদের নিয়ন্ত্রণে বলে দাবি করে স্বাধীন বালোচিস্তান ঘোষণা করেছিল, এবং সেনা পাঠালে কড়া জবাবের হুঁশিয়ারিও দিয়েছিল। বিরাট সেনাবাহিনী নিয়েও এই অঞ্চলে বিদ্রোহ দমনে ব্যর্থ হচ্ছে ইসলামাবাদ। পালটা গুম, হত্যা ও নির্যাতনের অভিযোগ উঠেছে পাক সেনার বিরুদ্ধেও।চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডর তৈরির পর থেকেই খনিজ সমৃদ্ধ বালোচিস্তানে অস্থিরতা বেড়েছে বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রদেশের সম্পদ লুট করছে পাক প্রশাসন, বিনিময়ে জুটছে শুধু দারিদ্র ও নির্যাতন। তারই প্রতিবাদে স্বাধীনতার লড়াই আরও তীব্র হয়ে উঠছে সেখানে।














