কীর্ণাহার মুক্তাঙ্গন ক্লাবের ভার্চুয়ালি পুজো উদ্ধোধন থেকেই মুখ্যমন্ত্রীর মুখে কাজল সেখের নাম! সব ভালো করে দেখে রাখার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু’দিন আগেই বিভিন্ন পুজো মণ্ডপের দুর্গাপুজোর সূচনা করেছেন। সেই ধারাবাহিকতায় মঙ্গলবারও বীরভূমের ১৭টি পুজোর ভার্চুয়ালি ভাবে সূচনা করেন মুখ্যমন্ত্রী। যার মধ্যে অন্যতম কীর্ণাহার মুক্তাঙ্গন স্পোর্টস অ্যাসোসিয়েশনের দুর্গাপুজো। চলতি বছরে এই পুজো পদার্পণ করেছে ৩৯তম বর্ষে।
উজ্জ্বল আলোকসজ্জা, বর্ণময় মণ্ডপ ও ভক্তিময় পরিবেশে এই পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল সেখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নানুরের বিধায়ক বিধান চন্দ্র মাঝি, নানুরের বিডিও সন্দীপ সিংহ রায়, কীর্ণাহার থানার ওসি অমিতাভ পাল ও সিআই মিঠুন বন্দ্যোপাধ্যায় সহ নানুর ব্লক প্রশাসনের অন্যান্য আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গরা। তবে এদিন সন্ধ্যায় কীর্ণাহার মুক্তাঙ্গন স্পোর্টস অ্যাসোসিয়েশন পুজোর ভার্চুয়ালি উদ্বোধন থেকে মুখ্যমন্ত্রী’র মুখে শোনা গেল জেলা পরিষদের সভাধিপতি কাজল সেখের নাম।
ভার্চুয়ালি অনুষ্ঠান থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘নানুরে কাজল আছে কোন দুষ্টুমি করিস নি তো? সব ভালো করে দেখে রাখবি।’ মুখ্যমন্ত্রী’র এই মন্তব্য ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। যদিও এনিয়ে অবশ্য কাজল সেখ কিছু বলতে চাননি। পুজো কমিটির সভাপতি প্রভাত কুমার বন্দোপাধ্যায় বলেন, প্রতিবছরের ন্যায় এবছরও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের এই পুজোর সূচনা করলেন। স্বভাবতই এতে আমরা খুশি। জেলা প্রশাসনের পক্ষ থেকেও শান্তিপূর্ণ ও নিরাপদ দুর্গোৎসবের জন্য সবরকম প্রস্তুতির আশ্বাস দেওয়া হয়েছে।













