নতুন শোরুম উদ্বোধনের জন্য মুম্বই থেকে জম্মুতে উড়ে গিয়েছিলেন অক্ষয় কুমার। গত এপ্রিল মাসেই পহেলগাঁও সন্ত্রাসের জেরে উত্তপ্ত হয়ে উঠেছিল ভূস্বর্গ। তবে সেই ‘অভিশপ্ত সময়’ কাটিয়ে উপত্যকা এখন অনেকটাই ঠান্ডা। পর্যটকরাও ভিড় জমাচ্ছে। এমন আবহে মঙ্গলবার ভূস্বর্গে পা রেখে বিপাকে খিলাড়ি কুমার। কেন?
বলিউড মাধ্যম সূত্রে খবর, অনুষ্ঠান শেষ করে ফিরতি পথে অক্ষয় কুমারের গাড়ি বাজেয়াপ্ত করে জম্মু-কাশ্মীরের ট্রাফিক পুলিশ। খবর প্রকাশ্যে আসতেই উপত্যকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে পরে জানা যায়, ওই গাড়িতে অক্ষয় তখন ছিলেন না। সদ্য তাঁকে বিমানবন্দরে নামিয়ে গাড়িটি নির্দিষ্ট গন্তব্যের দিকে যাচ্ছিল। কিন্তু রাস্তায় ট্রাফিক পুলিশের নজর পড়ে কালো কাচে ঢাকা গাড়ির দিকে। এরপরই সেই গাড়িটিকে ডোগরা চক এলাকায় থামানো হয়।















