Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

ভোটাধিকার রক্ষায় তৎপর কমিশন সোনাগাছিতে খুলছে স্পেশাল ক্যাম্প

ভোটাধিকার রক্ষায় তৎপর কমিশন সোনাগাছিতে খুলছে স্পেশাল ক্যাম্প

ভোটের অধিকার রক্ষার প্রশ্নে এবার সরাসরি দেশের বৃহত্তম যৌনপল্লিতে নির্বাচন কমিশন। ভোটার তালিকার বিশেষ সংশোধনী প্রক্রিয়া বা এসআইআর নিয়ে দীর্ঘদিন ধরেই সোনাগাছির যৌনকর্মীদের মধ্যে তীব্র আতঙ্ক তৈরি হয়েছিল। সেই উদ্বেগ কাটাতে আগামী ৯ ডিসেম্বর সেখানে বিশেষ শিবিরের আয়োজন করতে চলেছে কমিশন। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো, এই শিবিরে স্বয়ং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজ কুমার আগরওয়াল উপস্থিত থাকবেন ।

 

এশিয়া মহাদেশের বৃহত্তম যৌনপল্লি সোনাগাছি। সেখানে বহু মহিলার ২০০২ সালের ভোটার তালিকায় নাম নেই। অনেকে আবার পরিবারের তথ্য দিতে ভয় পাচ্ছিলেন। ফলে এন্যুমারেশন ফর্ম পূরণ করা নিয়ে চরম আতঙ্ক শুরু হয়। পরিস্থিতি এমন হয় যে, অনেকে ভয়ে যৌনপল্লি ছেড়ে পালাতে শুরু করেন। এতে তাঁদের ভোটাধিকার হারানোর আশঙ্কা দেখা যায়। এই সমস্যা সমাধানের আবেদন জানিয়ে তিনটি স্বেচ্ছাসেবী সংগঠন কমিশনের কাছে চিঠি দেয়। সেই আবেদনের পরেই দ্রুত পদক্ষেপ করে সিইও দফতর। আধিকারিকদের সঙ্গে আলোচনা করে বিশেষ শিবির করার আশ্বাস দেওয়া হয়।

 

সেই প্রতিশ্রুতি মতোই আগামী ৯ ডিসেম্বর ১৬৬-শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রের সোনাগাছির বিভিন্ন ওয়ার্ডে এই ক্যাম্প হচ্ছে। ক্যাম্পে সিইও মনোজ কুমার আগরওয়াল নিজেই যৌনকর্মীদের পরিচয়পত্র ও ফর্ম পূরণের সমস্যা শুনবেন এবং দ্রুত সমাধান করবেন। আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত ভোটার তালিকার ফর্ম পূরণের সময়সীমা বাড়ানো হয়েছে। এর ঠিক দু’দিন আগেই এই বিশেষ উদ্যোগ নিল কমিশন। এই পদক্ষেপের মাধ্যমে বহু প্রান্তিক মানুষের ভোটাধিকার সুরক্ষিত হবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। অন্যান্য যৌনপল্লি নিয়েও এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

READ MORE.....