আসন্ন নির্বাচনে ঘাটাল বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শ্যামলী সর্দারের সমর্থনে কোমর বেঁধে প্রচারে নেমেছেন ঘাটালের অভিনেতা-সাংসদ দীপক অধিকারী (দেব)। রবিবার ঘাটালে তাঁর একাধিক কর্মসূচি ঘিরে দলীয় কর্মীদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। এদিন দেবের অন্যতম গুরুত্বপূর্ণ সভাটি ছিল ঘাটালের ইড়পালা গ্রাম পঞ্চায়েত এলাকায়।
উল্লেখ্য, এই পঞ্চায়েতটি বর্তমানে বিজেপি পরিচালিত। প্রতিপক্ষের গড়ে দাঁড়িয়েই দেব উন্নয়নের খতিয়ান তুলে ধরেন এবং সাধারণ মানুষকে তৃণমূল প্রার্থীর পাশে থাকার আহ্বান জানান। তিনি স্পষ্ট করে দেন যে, উন্নয়নের প্রশ্নে কোনো বিভেদ নয়, বরং মানুষের পাশে থাকাই তাঁদের লক্ষ্য। ইড়পালার সভার পর দেব পৌঁছান ঘাটালের রাধানগর এলাকায়। সেখানে প্রিয় তারকাকে একঝলক দেখতে ভিড় উপচে পড়ে।
প্রবল ভিড়ের চাপে মঞ্চে পৌঁছানো কঠিন হয়ে পড়লে, জনআবেগ সামলাতে তিনি গাড়ির ওপর দাঁড়িয়েই বক্তব্য শুরু করেন। গাড়ির হুড থেকে মাইক হাতে দেব বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে এবং এলাকার সামগ্রিক উন্নয়নের ধারা বজায় রাখতে শ্যামলী সর্দারকে বিপুল ভোটে জয়ী করুন।’














