প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে পৌঁছল দিল্লি পুলিশের একটি দল। পার্লামেন্ট স্ট্রিট থানায় নথিভুক্ত একটি পুরনো মামলার সূত্র ধরেই এই পদক্ষেপ বলে জানা গিয়েছে। ওই মামলায় সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল মমতার বিরুদ্ধে। সেই অভিযোগের তদন্তে তাঁকে প্রশ্ন করার জন্যই পুলিশ কলকাতায় এসেছে বলে প্রাথমিক খবর।
রাজ্যের ক্ষমতার পালাবদলের পর মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে এই পুলিশি তৎপরতা রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু করতে পারে। কারণ, মামলাটি নতুন নয়। তাঁর মুখ্যমন্ত্রী থাকাকালীন সময়ের একটি ঘটনাকে কেন্দ্র করেই দিল্লিতে অভিযোগ দায়ের হয়েছিল। এত দিন পর সেই মামলার তদন্তে সরাসরি তাঁর বাড়িতে পুলিশের উপস্থিতি যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তবে ঠিক কোন ঘটনার প্রেক্ষিতে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল, মামলার নির্দিষ্ট ধারা কী এবং দিল্লি পুলিশের কাছে আদালতের কোনও বিশেষ নির্দেশ রয়েছে কি না, সে বিষয়ে এখনও বিস্তারিত তথ্য সামনে আসেনি। মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের তরফেও এই পুলিশি পদক্ষেপ নিয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
প্রাথমিকভাবে জানা যাচ্ছে, জিজ্ঞাসাবাদের উদ্দেশ্যেই কালীঘাটে পৌঁছেছেন দিল্লি পুলিশের আধিকারিকেরা। এই ঘটনায় তদন্ত কোন পথে এগোয়, মমতার সঙ্গে পুলিশের কথাবার্তা হয় কি না, এখন নজর সেদিকেই।













