রবিবাসরীয় বিকেলে বর্ধমান শহরে হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জমজমাট রোড শো। বর্ধমান দক্ষিণ বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী খোকন দাসের সমর্থনে আয়োজিত এই পদযাত্রা ঘিরে শহরে উৎসবের আবহ তৈরি হয়।
স্টেশন সংলগ্ন স্পন্দন কমপ্লেক্স থেকে রোড শো শুরু হয়ে জিটি রোড ধরে বড়নীলপুর মোড় পর্যন্ত যায় এই মিছিল। রাস্তার দু’পাশে দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুনে সেজে ওঠে গোটা শহর।
এই রোড শো-তে অংশ নেন তৃণমূল কংগ্রেসের জেলা ও স্থানীয় নেতৃত্ব, কর্মী-সমর্থক থেকে শুরু করে বহু সাধারণ মানুষ। মুখ্যমন্ত্রীকে একঝলক দেখতে রাস্তার ধারে ভিড় জমান অসংখ্য মানুষ।
পদযাত্রা চলাকালীন একাধিক জায়গায় থেমে সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে এবং তাঁদের অভাব-অভিযোগ শুনতেও দেখা যায় মুখ্যমন্ত্রীকে। ফলে রোড শো আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
পুরো কর্মসূচি ঘিরে বর্ধমান শহরে ছিল চোখে পড়ার মতো উচ্ছ্বাস ও ভিড়, যা আসন্ন নির্বাচনের আগে রাজনৈতিক আবহকে আরও উষ্ণ করে তুলেছে।














