শ্রীরামপুরে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভার অনুমতি নিয়ে মামলার নিষ্পত্তি হল না শুক্রবারও। প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ এদিন কোনও চূড়ান্ত সিদ্ধান্ত না নিয়ে মামলাটি ফের সিঙ্গেল বেঞ্চে ফিরিয়ে দিয়েছে। মাহেশ জগন্নাথ মাঠ কর্তৃপক্ষের আবেদন বিবেচনা করে নতুন করে সিদ্ধান্ত নেবে একক বেঞ্চ। আগামী ২৫ সেপ্টেম্বরের মধ্যে মামলার নিষ্পত্তির অনুরোধ জানানো হয়েছে।শুনানির শুরুতে রাজ্য সরকারের তরফে প্রস্তাব দেওয়া হয়, জিটি রোড থেকে ৭০০ মিটার দূরের জলকল মাঠে হাজার জনের জমায়েত নিয়ে সভা করুন মমতা।
রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল বিল্বদল ভট্টাচার্য জানান, জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ রাজি হলে মাহেশ মাঠে সভায় রাজ্যের আপত্তি নেই, তবে কর্তৃপক্ষ অনুমতি দিচ্ছে না।বিচারপতি তপোব্রত চক্রবর্তীর পর্যবেক্ষণ, জিটি রোড দিয়ে মাঠে প্রবেশ করলে যান চলাচলে চাপ পড়বে। প্রধান বিচারপতি প্রশ্ন তোলেন, সিঙ্গেল বেঞ্চ আগেই মাহেশ মাঠে সভার অনুমতি দিলেও মাঠ কর্তৃপক্ষ কেন মামলায় যুক্ত ছিল না, এবং কেন তারা একক বেঞ্চে গিয়ে নির্দেশের পুনর্বিবেচনা চাইছে না।তৃণমূলের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাজ্যের আপিল ত্রুটিপূর্ণ দাবি করে তা খারিজের সওয়াল করেন।
তিনি বলেন, বিজেপির সংকল্প সভা, হর ঘর তিরঙ্গা, স্নানযাত্রা-সহ একাধিক কর্মসূচিতে পুলিশ অনুমতি দিলেও শুধু তৃণমূলকেই বঞ্চিত করা হচ্ছে।মাহেশ জগন্নাথ মাঠ কর্তৃপক্ষের আইনজীবী জিষ্ণু চৌধুরী জানান, আদালতের পরামর্শ মেনে তাঁরা একক বেঞ্চে রায়ের পুনর্বিবেচনা চাইতে পারেন।













