ঘরের মাঠে এগিয়ে গিয়েও রাশ ধরে রাখতে পারল না ইস্টবেঙ্গল এফসি। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-এর গ্রুপ পর্বের ম্যাচে ইরাকের শক্তিশালী দল আল-শর্টা এসসির কাছে ৩-২ ব্যবধানে হেরে গেল লাল-হলুদ ব্রিগেড। বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে এদিন শুরুটা দুরন্ত করলেও শেষ রক্ষা হয়নি। ম্যাচের শুরুতেই লাল-হলুদ শিবিরের নায়ক হয়ে ওঠেন ডেভিড লালহ্লানসাঙ্গা। প্রথমার্ধের ৭ মিনিটেই দলকে এগিয়ে দেন তিনি। মাঝে আল-শর্টার আহমেদ আল-হাজ্জাজ গোল করে ম্যাচে সমতা ফেরালেও ৩৯ মিনিটে ফের অনবদ্য গোল করে ইস্টবেঙ্গলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন সেই ডেভিড।
তবে বিরতির ঠিক আগে সহজ সুযোগ নষ্টের চড়া মাশুল দিতে হয় দলকে। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণের ঝড় তোলে ইরাকের ক্লাবটি। ৫১ মিনিটে হুসেন আলি আল-সায়েদি ও ৫৩ মিনিটে কিংসলে ফিদেলিস কুকু—মাত্র দুই মিনিটের ব্যবধানে দুটি গোল করে ম্যাচের রং পুরোপুরি বদলে দেয় আল-শর্টা। ম্যাচের ৭৬ মিনিটে আল-শর্টার আব্দুল মাজিদ মুমুনি লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ম্যাচে ফেরার দারুণ সুযোগ পায় ইস্টবেঙ্গল। বাকি সময় দশ জনের প্রতিপক্ষের উপর প্রবল চাপ সৃষ্টি করেও গোলমুখ খুলতে পারেনি অস্কার ব্রুজোর দল। ফলে ঘরের মাঠেরাশ আলগা করে একরাশ হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় লাল-হলুদকে।














