সপ্তাহের প্রথম দিনেই বড়সড় ধাক্কা খেল দেশের শেয়ার বাজার। সোমবার সকালে লেনদেনের শুরুতে সেনসেক্স ও নিফটি ঊর্ধ্বমুখী থাকলেও কয়েক ঘণ্টার মধ্যেই ছবিটা বদলে যায়। দ্রুত নামতে শুরু করে দুই সূচক। দিনের সর্বোচ্চ স্তর থেকে ১৬০০ পয়েন্টেরও বেশি পড়ে যায় সেনসেক্স। অন্যদিকে, ২৫,৬০০-র গুরুত্বপূর্ণ স্তরের নীচে নেমে যায় নিফটি ৫০। দুপুরের দিকে বিনিয়োগকারীদের প্রায় ৩ লক্ষ ১৮ হাজার কোটি টাকার সম্পদ কমে যায়। আচমকা এই পতনে স্বাভাবিকভাবেই উদ্বেগ ছড়িয়েছে লগ্নিকারীদের মধ্যে। বাজার বিশেষজ্ঞদের মতে, এই ধসের পিছনে রয়েছে একাধিক কারণ। প্রথমত, গত কয়েক সপ্তাহের ধারাবাহিক উত্থানের পর মুনাফা ঘরে তোলার প্রবণতা বা প্রফিট বুকিং। গত চার সপ্তাহ ধরেই ভারতীয় শেয়ার বাজারে ঊর্ধ্বগতি দেখা গিয়েছে।
গত সপ্তাহেও সেনসেক্স প্রায় ২.৯ শতাংশ এবং নিফটি ২.৬ শতাংশ বেড়েছিল। ফলে বাজারের উচ্চ স্তরে পৌঁছে অনেক বিনিয়োগকারী শেয়ার বিক্রি করে মুনাফা তুলে নিতে শুরু করেন। সোমবার সেই বিক্রির চাপই বাজারকে নিম্নমুখী করে দেয়। দ্বিতীয়ত, ব্যাঙ্কিং ও ধাতু শিল্পের শেয়ারে ব্যাপক বিক্রি। এইচডিএফসি ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ বরোদা এবং কানাড়া ব্যাঙ্কের মতো সংস্থার শেয়ারের দাম কমেছে। সেনসেক্স ও নিফটির গতিপথ নির্ধারণে ব্যাঙ্কিং ক্ষেত্রের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ফলে এই ক্ষেত্রের পতনের প্রভাব পড়েছে সামগ্রিক বাজারে। ধাতু শিল্পেও একই ছবি। টাটা স্টিলের শেয়ারের দাম প্রায় ৫.৫ শতাংশ কমেছে। আন্তর্জাতিক বাজারে ধাতুর দামের দুর্বলতা এবং ডলারের শক্তিশালী অবস্থান এই ক্ষেত্রের উপর চাপ বাড়িয়েছে। তৃতীয়ত, আমেরিকার কেন্দ্রীয় ব্যাঙ্ক ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর আশঙ্কা। মার্কিন যুক্তরাষ্ট্রে সুদের হার বাড়লে বিদেশি বিনিয়োগকারীদের কাছে সে দেশের সম্পদ বেশি আকর্ষণীয় হয়ে উঠতে পারে। সে ক্ষেত্রে ভারত-সহ বিভিন্ন উন্নয়নশীল বাজার থেকে বিদেশি লগ্নি প্রত্যাহারের আশঙ্কা তৈরি হয়। এই উদ্বেগও ভারতীয় বাজারে নেতিবাচক প্রভাব ফেলেছে। এর পাশাপাশি ডলারের তুলনায় টাকার দর দুর্বল হওয়ায় চাপ বেড়েছে। মুদ্রার অবমূল্যায়নের ফলে আমদানি খরচ ও মূল্যবৃদ্ধির আশঙ্কা তৈরি হয়। অন্যদিকে, নিফটি ২৬ হাজারের মনস্তাত্ত্বিক বাধা অতিক্রম করতে না পারায় বিক্রির প্রবণতা আরও জোরালো হয়েছে।
এনডিটিভির তথ্য অনুযায়ী, সোমবার দুপুর ১২টা ২০ মিনিট নাগাদ সেনসেক্স প্রায় ৯৫৫ পয়েন্ট কমে ৮২,৯৭২-এ নেমেছিল। নিফটি ৫০ কমেছিল প্রায় ২৮০ পয়েন্ট। তার আগে দিনের সর্বোচ্চ স্তর থেকে সেনসেক্সের পতন হয়েছিল ১৬০০ পয়েন্টেরও বেশি। শুক্রবারের তুলনায় বাজারের সম্মিলিত মূলধন কমেছিল ৩ লক্ষ ১৮ হাজার কোটির বেশি টাকা। তবে বিশেষজ্ঞদের একাংশের মতে, এই পতনকে এখনই দীর্ঘমেয়াদি বিপর্যয় হিসেবে দেখা ঠিক হবে না। নভেম্বর মাসে এখনও পর্যন্ত দুই সূচকেই উল্লেখযোগ্য উত্থান হয়েছে। আগামী দিনে বাজারের গতিপথ নির্ভর করবে বিদেশি বিনিয়োগের প্রবণতা, মার্কিন সুদের হার এবং গুরুত্বপূর্ণ সূচকগুলির অবস্থানের উপর। আপাতত নিফটি ২৫,৫০০-র স্তর ধরে রাখতে পারে কি না, সেদিকেই নজর বিনিয়োগকারীদের।














