মাদক পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে ফের বড়সড় সাফল্য পেল জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত সামশেরগঞ্জ থানার পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে স্কুটারে করে পাচারের চেষ্টা করা বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার করল পুলিশ। এই ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।ধৃতের কাছ থেকে মোট ৪ কেজি ২৪৯ গ্রাম হেরোইন উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। উদ্ধার হওয়া মাদকের বাজারমূল্য কয়েক কোটি টাকা বলে প্রাথমিকভাবে অনুমান।পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তির নাম মোহাম্মদ মিনারুল ইসলাম। তাঁর বাড়ি মুর্শিদাবাদের লালগোলা থানার বাজুপুর এলাকায়। বৃহস্পতিবার রাতে বহরমপুরের দিক থেকে স্কুটারে করে মালদার দিকে যাচ্ছিলেন তিনি।
সেই সময় বিপুল পরিমাণ মাদক নিয়ে পাচারের উদ্দেশ্যে যাত্রা করছিলেন বলে পুলিশের প্রাথমিক অনুমান।গোপন সূত্রে মাদক পাচারের খবর পেয়ে সামশেরগঞ্জ থানার আইসি কুনাল কান্তি দাসের তৎপরতায় পুলিশ বাসুদেবপুর সংলগ্ন নতুন জালালদিপুর-পিলকিমোড়, ১২ নম্বর জাতীয় সড়ক এলাকায় নজরদারি শুরু করে। এরপর সন্দেহভাজন স্কুটারটিকে আটক করে তল্লাশি চালাতেই বেরিয়ে আসে বড়সড় সাফল্য। স্কুটার থেকে উদ্ধার হয় ৪ কেজি ২৪৯ গ্রাম হেরোইন। ঘটনাস্থল থেকেই স্কুটার চালক মোহাম্মদ মিনারুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ।হেরোইন বাজেয়াপ্ত করার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সামশেরগঞ্জের বিডিও সমীরণ কৃষ্ণ মণ্ডল। পুলিশের এই অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার হওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।তবে এত বিপুল পরিমাণ হেরোইন কোথা থেকে আনা হচ্ছিল, কোথায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল এবং এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
ধৃত ব্যক্তির সঙ্গে কোনও বড় মাদক পাচারচক্রের যোগসূত্র রয়েছে কি না, সেই বিষয়টিও তদন্ত করে দেখছে পুলিশ।শুক্রবার সামশেরগঞ্জ থানায় এই মাদক উদ্ধারের ঘটনায় সাংবাদিক সম্মেলন করেন জঙ্গিপুর জেলা পুলিশের আধিকারিকরা। উপস্থিত ছিলেন ফরাক্কার এসডিপিও দীপেন্দ্র তামাং, সামশেরগঞ্জ থানার আইসি কুনাল কান্তি দাস-সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।সাংবাদিক সম্মেলনে উদ্ধার হওয়া মাদকের পরিমাণ ও অভিযানের সাফল্য তুলে ধরা হয়।পরপর মাদকবিরোধী অভিযানে সামশেরগঞ্জ থানার পুলিশের সাফল্য আবারও নজরে এল। আইসি কুনাল কান্তি দাসের নেতৃত্ব ও পুলিশের তৎপরতায় এই বিপুল পরিমাণ মাদক উদ্ধারকে বড় সাফল্য হিসেবে দেখছেন স্থানীয়রা। মাদক পাচার রুখতে পুলিশের এমন সক্রিয় ভূমিকার প্রশংসা করছেন সাধারণ মানুষ।















