স্পিনের চাতুর্য শুরু হয় বোলারের চোখের দৃষ্টি দিয়ে। শেন ওয়ার্নের চোখে ছিল দুষ্টুমি, মুথাইয়া মুরলিধরনের চোখে জাদুকরী চমক আর রবিচন্দ্রন অশ্বিনের চোখে স্নাইপারের মতো শীতল একাগ্রতা। কিন্তু নিউজিল্যান্ডের বাঁ-হাতি স্পিনার মিচেল স্যান্টনারের চোখ একেবারেই ভাবলেশহীন—যেখানে কোনো আবেগ নেই, আছে শুধুই ব্যাটারের নড়াচড়ার ওপর শিকারীর মতো অবিচল দৃষ্টি।
তাঁর বোলিংয়ের মূল শক্তি ব্যাটারের পায়ের অবস্থান, হাতের গতি ও মাথার নড়াচড়া নিখুঁতভাবে পর্যবেক্ষণ করা। রান-আপে সূক্ষ্ম পরিবর্তন এবং হাতের অ্যাকশন বিন্দুমাত্র না বদলে বলের গতি ও লেংথে বৈচিত্র্য এনে ভারতীয় ব্যাটারদের ক্রমাগত বিভ্রান্ত করে চলেছেন তিনি। ২০২৪ সালের টেস্ট সিরিজে ভারতকে ধসিয়ে দেওয়ার পর চলতি টি-টোয়েন্টি সিরিজেও তিনি হয়ে উঠেছেন ভারতীয় দলের প্রধান মাথাব্যথা। প্রথম তিন ম্যাচে ওভারপ্রতি মাত্র ৭ রান দিয়ে তিনি তুলে নিয়েছেন সাতটি গুরুত্বপূর্ণ উইকেট।














