Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

হোগলার ছাউনি সরিয়ে আধুনিক তাঁবু, গঙ্গাসাগর মেলায় নজরদারিতে সেনাবাহিনী

হোগলার ছাউনি সরিয়ে আধুনিক তাঁবু, গঙ্গাসাগর মেলায় নজরদারিতে সেনাবাহিনী

আর কয়েকদিনের অপেক্ষা। তারপরই শুরু হবে পুণ্যার্থীদের মহামিলনক্ষেত্র গঙ্গাসাগর মেলা। তবে এবারের মেলায় একাধিক নতুন ব্যবস্থা চালুর পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। হোগলা পাতার অস্থায়ী ছাউনির পরিবর্তে পুণ্যার্থীদের থাকার জন্য তৈরি করা হবে আধুনিক তাঁবু। পাশাপাশি মেলার নিরাপত্তা ও নজরদারিতে বিশেষ ভূমিকা নিতে পারে ভারতীয় সেনাবাহিনী।প্রশাসনিক সূত্রে খবর, এবারের মেলায় রেকর্ড সংখ্যক পুণ্যার্থীর সমাগমের সম্ভাবনা মাথায় রেখে নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণে বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে।

 

ইতিমধ্যেই তিনজন আইজি এবং ন’জন ডিআইজি পদমর্যাদার অভিজ্ঞ আধিকারিককে নিয়ে বিশেষ পুলিশি দল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।কাকদ্বীপের লট নম্বর ৮, কচুবেড়িয়া এবং মূল মেলাপ্রাঙ্গণ এই তিনটি পৃথক জোনে ভাগ করে নিরাপত্তার দায়িত্ব সামলানোর পরিকল্পনা রয়েছে। জলপথ, স্থলপথ এবং আকাশপথে নজরদারির পাশাপাশি ড্রোন ব্যবহারের ব্যবস্থাও রাখা হচ্ছে। সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা নিয়েও বিএসএফ আধিকারিকদের সঙ্গে আলোচনা চলছে।মেলার পরিধি বাড়াতেও উদ্যোগী প্রশাসন। অতিরিক্ত ৩৮ একর জমি চিহ্নিত করে মেলার উপযোগী করে তোলার কাজ শুরু হয়েছে। পরিবেশ দূষণ কমাতে প্লাস্টিক ও হোগলা পাতার ব্যবহার এড়িয়ে পরিবেশবান্ধব পরিকাঠামো তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে।পুণ্যার্থীদের যাতায়াতের জন্য থাকছে ২০টি বড় বার্জ।

 

প্রতিটি বার্জে একসঙ্গে এক হাজারেরও বেশি যাত্রী পারাপারের ব্যবস্থা থাকবে বলে জানা গিয়েছে। পাশাপাশি কলকাতা থেকে হেলিকপ্টার পরিষেবার ব্যবস্থাও রাখার পরিকল্পনা রয়েছে। বেহালা ও কলকাতা বিমানবন্দর থেকে এই পরিষেবা চালুর কথা ভাবা হচ্ছে।এছাড়াও গঙ্গাসাগরে তৈরি করা হচ্ছে বিশেষ মঞ্চ। সেখানে বিভিন্ন রাজ্যের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে কীর্তন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের পরিকল্পনা রয়েছে।সব মিলিয়ে নিরাপত্তা, পরিবহণ ও পরিবেশবান্ধব পরিকাঠামোয় একাধিক নতুন সংযোজনের মধ্য দিয়ে এবারের গঙ্গাসাগর মেলাকে আরও বড় আকারে সাজিয়ে তোলার প্রস্তুতি চলছে।

READ MORE.....