সোমবার বাজার খোলার পর হাজার পয়েন্ট উঠল সেনসেক্স। পাল্লা দিয়ে বেড়েছে নিফটিও। রাশিয়ার তেল কেনায় ট্রাম্পের কুনজর পড়েছে ভারতের অর্থনীতি। ৫০ শতাংশ শুল্ক চাপানো হয়েছে। ২৭ আগস্ট থেকে কার্যকর হতে চলেছে এই শুল্ক। এই ঘটনার বিরাট প্রভাব দেখা গিয়েছিল ভারতের বাজারে।
তবে লাগাতার নিম্নমুখী হওয়ার পর এবার ঘুরে দাঁড়াল ভারতের বাজার। একইসঙ্গে ডলারের তুলনায় কিছুটা বাড়ল টাকার দামও। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে শুল্ক যুদ্ধের কালো মেঘ কাটিয়ে কোন ম্যাজিকে লম্বা লাফ দিল দালাল স্ট্রিটের ষাঁড়?
সোমবারের বাজার রিপোর্ট বলছে, এদিন বাজার খোলার কয়েক মিনিটের মধ্যে দেখা যায় সেনসেক্স ১১০০ পয়েন্টের কাছাকাছি বেড়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা আরও উপরে উঠতে থাকে। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, ১০৬৩ পয়েন্ট বেড়ে সেনসেক্স পৌঁছে গিয়েছে ৮১,৬৬১.৫৯ পয়েন্টে। পিছিয়ে নেই নিফটিও।
রিপোর্ট বলছে, ৩৬৮ পয়েন্ট বেড়েছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বা নিফটির সূচক। যার জেরে বেড়ে নিফটি পৌঁছে যায় ২৫,০০২.৩২তে। বিএসই-র মিডক্যাপ ইনডেক্স এবং স্মল ক্যাপ ইনডেক্সও অনেকখানি বেড়েছে। ব্যাপক উত্থান দেখা গিয়েছে, অশোক লেল্যান্ড, ভোল্টাস, হুন্ডাই মোটর ইন্ডিয়া, হিরো মোটো, মারুতি সুযুকির শেয়ারে। শুধু তাই নয়, সকলকে চমকে দিয়ে বেড়েছে টাকার দামও।














