বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে ফের তলব করল বাংলাদেশ বিদেশমন্ত্রক। মঙ্গলবার সকাল ১০টায় ডেকে পাঠানো হয়েছে ভর্মাকে। কেন তলব করা হয়েছে তা এখনও স্পষ্ট নয়। তবে সূত্রের খবর, নয়াদিল্লি, কলকাতা-সহ ভারতের বিভিন্ন স্থানে থাকা বাংলাদেশ মিশন নিয়ে উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে প্রণয় ভার্মাকে তলব করা হয়। এই নিয়ে গত ১০ দিনে দ্বিতীয়বার তলব করা হল ভারতের রাষ্ট্রদূতকে।
জানা গিয়েছে, মঙ্গলবার ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেন বাংলাদেশের বিদেশসচিব আসাদ আলম সিয়াম। গত কয়েকদিনে ভারত ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন চরম আকার নিয়েছে। নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশে বেশকিছু ভিসাকেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় ভারত সরকার। এরপর গত সোমবার একরাতে ভারতে বাংলাদেশের তিনটি ভিসাকেন্দ্র বন্ধ করে দেয় ঢাকা। এরপরই তলব করা হল ভারতের রাষ্ট্রদূতকে। সূত্রের খবর, প্রণয় ভার্মাকে ডেকে ভারতের বিভিন্ন স্থানে থাকা বাংলাদেশ ভিসাকেন্দ্রগুলির নিরাপত্তা জোরদার করার অনুরোধ জানানো হয়েছে বাংলাদেশের তরফে।














