অক্টোবরেই হাওড়া-কলকাতা পুরভোটের প্রার্থী ঘোষণা বিজেপির! আজ, বৃহস্পতিবার রাতে শহরে আসছেন বঙ্গ বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল। আগামিকাল শুক্রবার রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসার কথা তাঁর। সেখানে আসন্ন পুরনির্বাচনে প্রার্থী তালিকা, প্রস্তুতি নিয়ে মেগা বৈঠক বসতে পারেন তিনি। সব ঠিক থাকলে অক্টোবরেই হাওড়া ও কলকাতার পুরনিগম ভোটের প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে বিজেপি। এমনটাই খবর সূত্র মারফত।
নভেম্বরে কলকাতা-হাওড়া-সহ সাতটি পুরনিগম ও পুরসভায় ভোট! কমিশন চূড়ান্ত দিন ঘোষণা না করলেও এমনটাই মত ওয়াকিবহল মহলের। তার আগে চূড়ান্ত প্রস্তুতি চলছে বিজেপির অন্দরে। প্রার্থী তালিকা নিয়ে চলছে ঝাড়াই-বাছাই। সূত্রের খবর, তৃণমূল টিকিটে জেতা পুরসভার সদস্যরা বিজেপির হয়ে দাঁড়াতে যোগাযোগ রেখে চলছেন। রাজ্য স্তরের নেতৃত্বের পাশাপাশি তাঁরা কেন্দ্রীয় নেতাদের সঙ্গেও কথা বলছেন। এমনটাই খবর সূত্রের। এই আবহে বৈঠকে শুক্রবার বৈঠকে বসবেন বনসল। সব ঠিক থাকলে চলতি মাসেই প্রকাশিত হতে পারে, পুরভোটে বিজেপির প্রথম দফার তালিকা।
এ দিকে শুধু এই সাতটি পুরসভা বা পুরনিগমের ভোট নয়, আগামী বছরের বাকি পুরসভার ভোটেরও প্রস্তুতি শুরু করে দিতে চাইছে বিজেপি। জানা যাচ্ছে, জেলা স্তরের সাংগঠনিক কিছু বদলের সিদ্ধান্ত নিতে পারে শীর্ষ নেতৃত্ব। রাঢ় বঙ্গ, দক্ষিণ ২৪ পরগনা মিলিয়ে ১০টি সাংগঠনিক জেলার কমিটিতে বদল আনতে পারে বিজেপি। তালিকায় রয়েছে কলকাতায় সাংগঠনিক জেলাও। সব মিলিয়ে পুজো মিটতেই রাজনৈতিক পারদ চড়ছে বঙ্গে।














