Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

দীর্ঘ জট কাটিয়ে চালুর পথে পোদড়া ফেরিঘাট, শুরু রাস্তা তৈরির কাজ

দীর্ঘ জট কাটিয়ে চালুর পথে পোদড়া ফেরিঘাট, শুরু রাস্তা তৈরির কাজ

দীর্ঘদিনের জটিলতা কাটিয়ে অবশেষে চালু হওয়ার পথে আন্দুলের পোদড়া ফেরিঘাট। ফেরিঘাটে যাতায়াতের জন্য কংক্রিটের রাস্তা তৈরির কাজ শুরু হয়েছে। দরপত্র সংক্রান্ত জটিলতায় কয়েক বছর ধরে আটকে ছিল রাস্তা নির্মাণের কাজ। ফলে ফেরিঘাট তৈরি হয়ে গেলেও পরিষেবা চালু করা সম্ভব হয়নি। অবশেষে রাজ্য সরকারের নির্দেশে জেলা প্রশাসনের উদ্যোগে শুরু হয়েছে রাস্তা তৈরির কাজ। প্রশাসনিক সূত্রে খবর, কাজ শেষ হলেই ফেরি পরিষেবা চালুর বিষয়ে পদক্ষেপ করা হবে।

 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পোদড়া ফেরিঘাট চালু হলে এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে। বিশেষত হাটের ব্যবসায়ী এবং নিত্যযাত্রীদের সুবিধা হওয়ার কথা। কিন্তু রাস্তা না থাকায় এত দিন ফেরিঘাটের পরিষেবা চালু করা যাচ্ছিল না। বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরেই ক্ষোভ ছিল স্থানীয়দের মধ্যে।বিজেপির পশ্চিমবঙ্গ প্রদেশ কার্যকারিণী কমিটির সদস্য ইন্দ্রদেব দুবে জানান, ফেরিঘাট তৈরি হলেও নানা জটিলতায় রাস্তা নির্মাণের কাজ আটকে ছিল। সেই কারণে পরিষেবা চালু করা সম্ভব হয়নি। বিষয়টি বিভিন্ন দফতরে জানানোর পাশাপাশি রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের রাষ্ট্রমন্ত্রী উমেশ রাই এবং পরিবহণমন্ত্রী অর্জুন সিংকেও জানানো হয়। তার পরেই রাস্তা তৈরির কাজ শুরু হয়েছে বলে তাঁর দাবি।

 

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, প্রায় ২০০ মিটার দীর্ঘ কংক্রিটের রাস্তা তৈরি করা হবে। আগামী তিন মাসের মধ্যে কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। রাস্তা নির্মাণ সম্পূর্ণ হলে ফেরিঘাট চালুর ক্ষেত্রে আর বাধা থাকবে না বলেই আশা করা হচ্ছে।দীর্ঘ প্রতীক্ষার পরে রাস্তা তৈরির কাজ শুরু হওয়ায় আশায় বুক বাঁধছেন স্থানীয়েরা। এখন তাঁদের নজর, কবে শেষ হয় রাস্তার কাজ এবং কবে থেকে শুরু হয় পোদড়া ফেরিঘাটের পরিষেবা।

READ MORE.....