অভিষেকের সম্পত্তি কি এবার সরকার নিলাম করবে? বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জবাবি ভাষণে এমনই ইঙ্গিত মিলেছে, মত রাজনৈতিক মহলের। হরিশ মুখার্জি, হরিশ চ্যাটার্জি রোডের প্রাসাদগুলোকে রাস্তায় মাথার উপর ছাদ না থাকা সাধারণ মানুষদের রাখা হবে! এমনই বার্তা এদিন দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। দুর্নীতি ইস্যুতে জিরো টলারেন্সের বার্তা বিজেপি সরকারের। জিরো টলারেন্স নীতির কথা জানিয়েছেন শুভেন্দু অধিকারীও। এবার বিধানসভা অধিবেশনের শেষের দিনই সম্পত্তি বাজেয়াপ্ত ও নিলাম করার বিল আসছে! সেই কথাও আজ, মঙ্গলবার বিধানসভায় দাঁড়িয়ে জানালেন শুভেন্দু অধিকারী।
দুর্নীতি, মাফিয়ারাজ, গুন্ডামি কোনওভাবে বরদাস্ত করা হবে না। সরকার গঠনের পরই সেই কথা জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দুর্নীতি ইস্যুতে জিরো টলারেন্সের বার্তাও দেওয়া হয়েছে। এদিন সেই বিষয়ে জোর গলায় বক্তব্য রেখেছেন তিনি। মুখ্যমন্ত্রী হওয়ার পর আজ, মঙ্গলবার বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দেন শুভেন্দু। সেখানেই তৃণমূল কংগ্রেস আমলের বিভিন্ন ক্ষেত্রের ব্যাপক দুর্নীতির প্রসঙ্গ তিনি উত্থাপন করেন। রাজ্যে পালাবদলের পরে দিকে দিকে তৃণমূলের প্রাক্তন নেতা, প্রাক্তন মন্ত্রী, প্রাক্তন বিধায়করা গ্রেপ্তার হয়েছেন। সেই তালিকা ক্রমে দীর্ঘতর হচ্ছে। এদিন সেই বিষয়েও কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী।













