পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি বিধানসভার লছিপুরের চবকা দুর্বার মহিলা সমন্বয় কমিটি এবং পশ্চিম বর্ধমান জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে সোমবার বিশ্ব এইডস দিবস পালন করা হয়। এই উপলক্ষে একটি সচেতনতা মূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ফিতে কেটে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটির সেক্রেটারি আম্রপালি চক্রবর্তী ও পশ্চিম বর্ধমান জেলা স্বাস্থ্য দপ্তরের ডেপুটি সিএমওএইচ বা মুখ্য স্বাস্থ্য আধিকারিক(তৃতীয়) ডাঃ অনন্যা মুখোপাধ্যায়। স্থানীয় কাউন্সিলর জাকির হুসেন সহ অনেকেই উপস্থিত ছিলেন।
এদিনের সচেতনতা মূলক অনুষ্ঠানে ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটির সেক্রেটারি আম্রপালি চক্রবর্তী যৌন কর্মীদের আইন বিষয়ে সচেতন করেন। তাদেরকে যৌন রোগ সম্বন্ধে সচেতন করা হয়। ডাঃ অনন্যা মুখোপাধ্যায় বলেন, শুধু এই চবকাতে নয় এদিন পশ্চিম বর্ধমানের আসানসোল ও দুর্গাপুরের পাশাপাশি জেলার আটটি ব্লকে বিশ্ব এইডস দিবস পালনের অনুষ্ঠান করা হচ্ছে। সারা বছরই স্বাস্থ্য দপ্তর এইচআইভি সম্পর্কে সব স্তরের মানুষকে সচেতন করে থাকে।
তিনি আরো বলেন, এই পশ্চিম বর্ধমানে এইচআইভি রোগটা খুবই উদ্বেগ জনক পরিস্থিতিতে আছে। তাই আমাদের আবেদন সবাই সচেতন হন। এরপর বিশ্ব এইডস দিবস উপলক্ষে স্থানীয় মহিলাদের কম্বল ও স্থানীয় স্কুল পড়ুয়াদের ব্যাগ দেওয়া হয়। করা হয় স্বাস্থ্য পরীক্ষাও। এই অনুষ্ঠান শেষে চবকাতে একটি পথ নাটিকার মাধ্যমে সাধারণ মানুষকে এইডস বিষয়ে সচেতন করা হয়।















