বন্যার জল কেড়ে নিয়েছে ঘর-বসত, মাথার উপর ছাদ বলতে কিছুই নেই। গাছের ডালে আশ্রয় নিয়ে দিন কাটিয়েছিলেন ছেলে। বুধবার ধূপগুড়ির বন্যাকবলিত এলাকায় পরিদর্শনে এসে সেই হৃদয়বিদারক গল্প শুনে আবেগপ্রবণ হয়ে পড়েন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার।
গধেয়াকুঠী গ্রাম পঞ্চায়েতের বগরিবাড়ি এলাকায় পঞ্চাশোর্ধ্ব পদ্মারানী দেবী মন্ত্রীর সামনে এসে হাউমাউ করে কেঁদে ফেলেন। জানান, জলঢাকা নদীর জলে ভেসে গেছে তাঁদের ঘরবাড়ি, নষ্ট হয়েছে যাবতীয় জিনিসপত্র। সরকারের কাছে আবেদন জানান নতুন করে ঘর বানিয়ে দেওয়ার জন্য।
মন্ত্রী এদিন বেতগাড়া প্রাথমিক বিদ্যালয়ের রিলিফ ক্যাম্পে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন এবং ত্রাণ সামগ্রী—মশারি, কম্বল, ত্রিপল ও পাঠ্যসামগ্রী—বণ্টন করেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে এসেছি, ছবি তুলতে নয়—সমস্যার সমাধান করতে।














