মাদারিহাটের বিডিও অফিসে বিজেপি সাংসদ মনোজ টিগ্গার বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ উঠেছে। আলিপুরদুয়ারের সাংসদ নাকি হঠাৎ অফিসে ঢুকে বিডিও অমিত চৌরাসিয়াকে অকথ্য ভাষায় শাসানি দেন। অভিযোগ, চাল ও ত্রিপল বিলি নিয়ে আলোচনা চলাকালীন আচমকা উত্তেজিত হয়ে সাংসদ বিডিওর দিকে আঙুল তুলে বলেন, প্রশাসনিক কাজ করতে হলে করুন, না হলে তৃণমূলের রাজনীতি করুন। এই ঘটনায় প্রশাসনিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অভিযোগ অনুযায়ী, মনোজ টিয়া বিডিওর কথা একদমই শোনেননি এবং অফিসে ঢোকার পর থেকেই আগ্রাসী আচরণ শুরু করেন। এমনকি ঘটনার একটি ভিডিও রেকর্ডও হয়েছে, যেখানে বিডিও শান্তভাবে পরিস্থিতি সামলানোর চেষ্টা করলেও সাংসদ তাতে কর্ণপাত করেননি। জানা গেছে, ভিডিওটি বিডিওর অনুমতি ছাড়াই ধারণ করা হয়।
ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগ থেকেই এই বিতর্ক শুরু। ভিডিওতে দেখা যায়, সাংসদ রণংদেহী মেজাজে বিডিওর সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। ঘটনাটি প্রকাশ্যে আসতেই তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতৃত্ব বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ চালায়। রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ বলেন, বিজেপি নেতাদের মধ্যেই এরকম দাদাগিরির প্রবণতা দেখা যাচ্ছে। সাংসদের উচিত ছিল বিডিওর সঙ্গে সৌজন্যমূলকভাবে কথা বলা, আবেদন জানানো কিন্তু তিনি তা না করে প্রশাসনিক পরিবেশকে উত্তপ্ত করেছেন।














