২০২৭ আইসিসি পুরুষ ওয়ানডে বিশ্বকাপের মূলপর্বে ওঠার লড়াইয়ে একধাপ এগিয়ে গেল ইতালি ও উগান্ডা। তানজানিয়ায় আয়োজিত ‘আইসিসি মেনস ক্রিকেট বিশ্বকাপ চ্যালেঞ্জ লিগ বি’-র পয়েন্ট টেবিলে প্রথম ও দ্বিতীয় স্থান নিশ্চিত করে দুই দলই পরবর্তী রাউন্ড তথা ‘কোয়ালিফায়ার প্লে-অফ’-এ নিজেদের জায়গা পাকা করে নিয়েছে। এই প্রতিযোগিতার শেষ পর্বে এখনও একটি করে ম্যাচ বাকি থাকলেও গ্রুপের ছয়টি দলের মধ্যে শীর্ষ দুই স্থান থেকে তাদের ছিটকে যাওয়ার আর কোনও সম্ভাবনা নেই। সোমবার হংকং চীনকে ৬ উইকেটে হারিয়ে ইতালি নিজেদের পাশাপাশি উগান্ডারও পরবর্তী রাউন্ডের টিকিট নিশ্চিত করে দেয়। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ইতালির আঁটসাঁট বোলিংয়ের সামনে ১৭৪ রানেই গুটিয়ে যায় হংকং।
হংকংয়ের জিশান আলি (৫৭) এবং শাহিদ ওয়াসিফ (৫০) অর্ধশতরান করলেও আল হাসান ও যশপ্রীত সিংদের দাপটে বড় রান তুলতে পারেনি তারা। জবাবে ব্যাট করতে নেমে মার্কাস ক্যাম্পোপিয়ানোর অপরাজিত ৭৪ এবং বেন মানেন্তির বিধ্বংসী ৫০ রানের ইনিংসে ভর করে ৪৬ ওভারে ৪ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ইতালি। ফলে শেষ ম্যাচে যথাক্রমে তানজানিয়া ও বাহরিনের বিরুদ্ধে মাঠে নামার আগেই যোগ্যতা অর্জন নিশ্চিত হয়ে যায় ইতালি ও উগান্ডার।
পরবর্তী ধাপে চলতি বছরের শেষের দিকে আট দলের ‘ক্রিকেট বিশ্বকাপ কোয়ালিফায়ার প্লে-অফ’-এ অংশ নেবে ইতালি ও উগান্ডা। সেখানে তাদের সঙ্গে থাকবে চ্যালেঞ্জ লিগ ‘এ’-র শীর্ষ দুই দল এবং ক্রিকেট বিশ্বকাপ লিগ ২-এর তলানিতে থাকা চারটি দল (যাদের মধ্যে বর্তমানে নামিবিয়া, কানাডা, নেপাল ও আমিরশাহি রয়েছে)। ওই টুর্নামেন্টের ম্যাচের হাত ধরেই আনুষ্ঠানিকভাবে প্রথম ওয়ানডে মর্যাদা পেতে চলেছে এই দুই উদীয়মান ক্রিকেট দেশ। সেখান থেকে শীর্ষ চারটি দল বিশ্বকাপের চূড়ান্ত কোয়ালিফায়ার পর্বে খেলার সুযোগ পাবে।














