ঘরের মাঠে চেনা ছন্দে জয় দিয়ে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ ২০২৬ অভিযান শুরু করলেন ভারতের তারকা শাটলার পিভি সিন্ধু। সোমবার মহিলাদের সিঙ্গলসের প্রথম রাউন্ডে (রাউন্ড অফ ৬৪) আয়ারল্যান্ডের সোফিয়া নোবেলকে স্ট্রেট গেমে উড়িয়ে দিলেন জোড়া অলিম্পিক পদকজয়ী ভারতীয় তারকা। মাত্র আধ ঘণ্টার লড়াইয়ে ২১-৭, ২১-১১ ব্যবধানে প্রতিপক্ষকে পরাস্ত করে টুর্নামেন্টের শেষ বত্রিশে নিজেদের জায়গা পাকা করে নিলেন তিনি। পরবর্তী রাউন্ডে মঙ্গলবার কানাডার ওয়েন ইউ ঝাংয়ের মুখোমুখি হবেন সিন্ধু।
ম্যাচজুড়েই সিন্ধুর আগ্রাসী স্ম্যাশ এবং নিখুঁত ড্রপ শটের সামনে কার্যত দাঁড়াতেই পারেননি আইরিশ প্রতিপক্ষ। প্রথম গেমে দাপট দেখিয়ে সহজ জয়ের পর দ্বিতীয় গেমেও একই ছন্দ ধরে রাখেন ভারতীয় শাটলার। ম্যাচের পর সিন্ধু জানান, দেশের মাটিতে দর্শকদের বিপুল সমর্থন ও চিৎকার তাঁকে বাড়তি আত্মবিশ্বাস জুগিয়েছে। তিনি বলেন, “বিপক্ষ কে তা না ভেবে আমি শুধু নিজের স্বাভাবিক খেলায় মন দিয়েছিলাম এবং সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। ঘরের মাঠে দর্শকদের সামনে খেলা সবসময়ই বাড়তি অনুপ্রেরণা দেয়।” উল্লেখ্য, বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের ইতিহাসে অন্যতম সফল খেলোয়াড় পিভি সিন্ধু।
এখনও পর্যন্ত এই টুর্নামেন্টে একটি সোনা, দুটি রুপো এবং দুটি ব্রোঞ্জ-সহ মোট পাঁচটি পদক জিতেছেন তিনি। এই নজির গড়ে টুর্নামেন্টের ইতিহাসে মহিলাদের সিঙ্গলসে সর্বাধিক পদক জয়ের ক্ষেত্রে চিনের কিংবদন্তি ঝাং নিংয়ের রেকর্ডও স্পর্শ করেছেন ভারতীয় ব্যাডমিন্টনের এই মহাতারকা।














