আসন্ন বিধানসভা নির্বাচনে নিরাপত্তার প্রশ্নে এক চুল জমি ছাড়তে নারাজ নির্বাচন কমিশন। অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে প্রতি দফায় প্রায় ২৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের মেগা পরিকল্পনা নেওয়া হয়েছে। বুধবার রাজ্য প্রশাসনের শীর্ষকর্তাদের সঙ্গে কমিশনের বৈঠকে এই প্রাথমিক রূপরেখা তৈরি হয়। ভোটের আগেই জেলাভিত্তিক স্পর্শকাতর বুথের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় উদ্বিগ্ন কমিশন নজিরবিহীন এই নিরাপত্তার ঘেরাটোপ সাজাচ্ছে।
এ দিনের বৈঠকে রাজ্য পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্ত এবং কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ উপস্থিত ছিলেন। অতীতের অশান্তির ইতিহাস ঘেঁটে এবং সীমান্তবর্তী এলাকাগুলিকে নজরে রেখে বাড়তি বাহিনী ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিশনের স্পষ্ট বার্তা, ‘ভোটারদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার’। রুট মার্চ থেকে শুরু করে কুইক রেসপন্স টিম,সব ক্ষেত্রেই বিশেষ কৌশলে জোর দেওয়া হচ্ছে।
কমিশন সূত্রে খবর, নির্বাচন চলাকালীন বিপুল পরিমাণ অভিযোগ সামলাতে এ বার বিশেষ অভিযোগ-সেল গড়া হচ্ছে। সচিব পদমর্যাদার অফিসার ও মাইক্রো অবজার্ভার মিলিয়ে ন’জনকে দায়িত্ব দেওয়া হচ্ছে। অভিযোগ পাওয়ার ৮ ঘণ্টার মধ্যে নিষ্পত্তির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। অন্য দিকে, বিলি না হওয়া ২০ হাজার ভোটার কার্ড নিয়ে কড়া পদক্ষেপ করছে সিইও দফতর। কেন কার্ডগুলি ফেরত এল, তা জেলা নির্বাচনী আধিকারিকদের দিয়ে সরাসরি খতিয়ে দেখা হবে।















