ভোটের মুখে আবারও বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদ জেলার সামসেরগঞ্জ থানা এলাকার নামো বাসুদেবপুরে। কাশিম নগর ফির সংলগ্ন একটি আমবাগান থেকে উদ্ধার হলো একটি বালতি ও একটি জার ভর্তি তাজা বোমা। ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, আমবাগানের ভিতরে সন্দেহজনক অবস্থায় পড়ে থাকা একটি বালতি দেখে প্রথমে কৌতূহল তৈরি হয় এলাকাবাসীর মধ্যে। পরে বিষয়টি পুলিশের নজরে আনা হলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় সামসেরগঞ্জ থানার পুলিশ। তল্লাশি চালিয়ে বালতির ভিতর থেকে একাধিক তাজা বোমা উদ্ধার করা হয়। পাশাপাশি একটি জারের মধ্যেও বিস্ফোরক সদৃশ বস্তু পাওয়া যায় বলে জানা গেছে। পরিস্থিতির গুরুত্ব বুঝে বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে। গোটা এলাকা ঘিরে রেখে তল্লাশি চালাচ্ছে পুলিশ।তবে এই ঘটনার পর নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। বারবার বিভিন্ন জায়গা থেকে বোমা উদ্ধারের ঘটনা সামনে আসায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ও ক্ষোভ বাড়ছে এলাকাবাসীর মধ্যে।
এত বিপুল পরিমাণ বোমা কোথা থেকে আসছে এবং কারা এগুলি মজুত করছে,তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। নামো বাসুদেবপুরের বাসিন্দাদের দাবি, যারা এলাকায় বোমা মজুত করে অশান্তির পরিবেশ তৈরির চেষ্টা করছে তাদের দ্রুত চিহ্নিত করে কড়া আইনি ব্যবস্থা নিতে হবে। শুধু বোমা উদ্ধার করলেই চলবে না, দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবিও তুলেছেন সাধারণ মানুষ। ক্রমাগত বোমা উদ্ধারের ঘটনায় এলাকায় রাজনৈতিক ষড়যন্ত্রের আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না অনেকেই। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এলাকাবাসীর একটাই প্রশ্ন আর কতদিন শুধু বোমা উদ্ধার হবে, কবে ধরা পড়বে এর নেপথ্যের মূলচক্রী?














