Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

মসজিদ সংলগ্ন ওয়াকফ সম্পত্তি অবৈধভাবে দখলের অভিযোগ

মসজিদ সংলগ্ন ওয়াকফ সম্পত্তি অবৈধভাবে দখলের অভিযোগ

ওয়াকফ সম্পত্তিতে অবৈধ দখল ও পুকুর ভরাটের অভিযোগ, তদন্তের দাবি। বসিরহাটের পশ্চিমপাড়ায় অবস্থিত গোপাল খান ওয়াকফ জামে মসজিদ সংলগ্ন ওয়াকফ সম্পত্তিতে অবৈধ দখল, পুকুর ভরাট এবং অনুমতি ছাড়া বহুতল নির্মাণের অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে এলাকার বাসিন্দা ও মসজিদের উন্নয়ন কমিটির সদস্যরা কেন্দ্রের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রকের সচিবের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, গোপাল খান ওয়াকফ এস্টেটের অধীন একাধিক সম্পত্তি পশ্চিমবঙ্গ ওয়াকফ বোর্ডে নথিভুক্ত রয়েছে।

 

বিশেষ করে কলকাতার খোদাগঞ্জ রোডে বেলেঘাটা রোড সংলগ্ন একটি জমি, যেখানে একটি পুকুর ও পাকা ঘাট রয়েছে, সেখানে সম্প্রতি বেআইনি নির্মাণ কাজ শুরু হয়েছে বলে দাবি করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, পুকুরটি ভরাট করে বহুতল ভবন তৈরির প্রস্তুতি চলছে এবং ইতিমধ্যে বাউন্ডারি ওয়াল নির্মাণের কাজ শুরু হয়ে গিয়েছে। উন্নয়ন কমিটির পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়েছে, বোর্ড নিযুক্ত মুতাওয়াল্লির সক্রিয় সহযোগিতা ও মদতেই এই অবৈধ নির্মাণ চলছে। যদিও অভিযুক্ত পক্ষের তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এলাকাবাসীদের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে ঐতিহ্যবাহী ও ধর্মীয় সম্পত্তির অপূরণীয় ক্ষতি হতে পারে।

 

পাশাপাশি একটি জলাশয় ভরাট হওয়ায় পরিবেশগত ভারসাম্য নষ্ট হওয়ার সম্ভাবনাও রয়েছে বলে মত স্থানীয়দের একাংশের। তারই প্রতিবাদে বসিরহাটের পশ্চিমপাড়ায় শহীদ দীনেশ মজুমদার রোড অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। অভিযোগকারীরা অবিলম্বে তদন্ত শুরু, নির্মাণকাজে ‘স্টপ ওয়ার্ক’ নির্দেশ জারি এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। বিক্ষোভকারীরা জানান, বিষয়টি নিয়ে তারা ইতিমধ্যে কেন্দ্র ও রাজ্য ওয়াকফ বোর্ড, রাজ্যপাল, মুখ্যমন্ত্রীর দপ্তর, মহকুমা শাসক ও জেলা শাসককে লিখিত ভাবে জানিয়েছেন। তারপরও এখনো পর্যন্ত কোনো সুরাহা মেলেনি। এখন দেখার, প্রশাসন এই অভিযোগের প্রেক্ষিতে কী পদক্ষেপ গ্রহণ করে।

READ MORE.....