সৌদি আরবের রাজধানী রিয়াধের আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় এক ভারতীয় নাগরিক-সহ অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন তিন শতাধিক মানুষ। ঘটনার পর প্রকাশ পাওয়া নজরদারি ফুটেজে দেখা গেছে, টার্মিনালে যাত্রীদের ভিড়ের মধ্যেই আছড়ে পড়ে ক্ষেপণাস্ত্রটি; মুহূর্তের মধ্যে তীব্র কমলা ধোঁয়া এবং আলোর ঝলকানিতে ঢেকে যায় পুরো চত্বর, যার পরই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে ও আতঙ্কে যাত্রীরা দিগ্বিদিক ছুটতে শুরু করেন।
এই হামলার কড়া নিন্দা জানিয়ে সাধারণ নাগরিকদের সুরক্ষায় মধ্যপ্রাচ্যজুড়ে অসামরিক পরিকাঠামোয় আক্রমণ অবিলম্বে বন্ধ করার দাবি জানিয়েছে ভারত। সৌদি আরবে অবস্থিত ভারতীয় দূতাবাস নিশ্চিত করেছে, গত শনিবারের হামলায় গুরুতর জখম হওয়া এক ভারতীয় চিকিৎসাধীন অবস্থায় রবিবার প্রাণ হারিয়েছেন।
নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ রেখে মৃতদেহ দ্রুত দেশে ফেরানোর যাবতীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে দূতাবাস। এছাড়া আহত অন্যান্য ভারতীয়দের মধ্যে তিনজন এখনও নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন এবং দু’জনকে সাধারণ ওয়ার্ডে রাখা হয়েছে। প্রাণঘাতী এই হামলার জেরে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সমস্ত বিমান পরিষেবা অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। এর আগেও কিং খালিদ বিমানবন্দর ও সৌদি এয়ারলাইন্সের একটি বিমানে হুথিদের পৃথক হামলায় এক বিমানচালক-সহ তিনজনের মৃত্যু হয়েছিল।
লাগাতার এই হানায় সৌদি আরব ও হুথি বিদ্রোহীদের সংঘাত চরমে পৌঁছেছে। উদ্ভূত পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্র সৌদি আরবের সমর্থনে সরাসরি হুথিদের বিরুদ্ধে সামরিক প্রত্যাঘাতে সামিল হবে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাধারণ মানুষের প্রাণহানির ঘটনায় ভারতীয় দূতাবাস স্থানীয় ভারতীয়দের সতর্ক থাকার এবং অপ্রয়োজনে ঘরের বাইরে না বেরোনোর নির্দেশিকা জারি করেছে।














