Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

৩২ গোলের বিস্ফোরণ, হকিতে ভারতের যুগলবন্দি

৩২ গোলের বিস্ফোরণ, হকিতে ভারতের যুগলবন্দি

এশিয়ান গেমসের টার্ফে যেন আছড়ে পড়ল ভারতীয় ঝড়ের তাণ্ডব। রবিবার অভিযান শুরু করতেই দুই বিভাগ মিলিয়ে মোট ৩২টি গোল ঠুকে প্রতিপক্ষকে ধুলোয় মিশিয়ে দিল ভারত। সকালে মহিলা দল ১৯-০ গোলে গুঁড়িয়ে দেয় উজবেকিস্তানকে, আর দুপুরে পুরুষ দল ইন্দোনেশিয়ার জালে ১৩-১ ব্যবধানে বল জড়িয়ে নিজেদের আধিপত্যের স্পষ্ট বার্তা দিল। ভারতের হয়ে মেয়েদের ম্যাচে একা দীপিকাই করলেন ৮টি গোল, আর ছেলেদের ম্যাচে দিলপ্রীতের স্টিক থেকে এল একাই ৪ গোল। মেয়েদের ম্যাচে গোলের বন্যা বইয়ে দেন দীপিকা। অষ্টম মিনিট থেকে শুরু করে ৫৪তম মিনিটের মধ্যে মোট আট বার বল জালে জড়ান তিনি, যার মধ্যে ছ’টিই এসেছে নিখুঁত পেনাল্টি কর্নার থেকে। দলের হয়ে হ্যাটট্রিক করেছেন ইশিকা চৌধুরীও।

 

এছাড়া স্কোরবোর্ডে নাম তুলেছেন লালরেমসিয়ামি, বলজিৎ কৌর, নেহা, নভনীত কৌর, লালথানলুয়াঙ্গি এবং সাক্ষী রানা। মাত্র ছ’মিনিটেই লালরেমসিয়ামির গোলে জট খোলে ভারতের। নিজের ৫০তম আন্তর্জাতিক ম্যাচে গোল পান বলজিৎ কৌরও। অন্যদিকে ভারতের অভিজ্ঞ গোলকিপার সবিতা পুনিয়া নিজের ৩২০তম ম্যাচ খেলে বন্দনা কাটারিয়ার সঙ্গে যৌথভাবে দেশের সর্বাধিক ম্যাচ খেলা মহিলা খেলোয়াড়ের মাইলফলক ছুঁয়ে ফেললেন। পুরো ম্যাচে উজবেকিস্তানের বক্সে ৬৬ বার আক্রমণ শানিয়ে ৬২ শতাংশ সময় বলের দখল রেখে প্রতিপক্ষকে কার্যত দাঁড়াতেই দেননি ভারতের প্রমিলা বাহিনী। অন্যদিকে পুরুষদের ম্যাচে ইন্দোনেশিয়াকে দাঁড়াতেই দেয়নি ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

 

প্রথম কোয়ার্টারে শিলানন্দ লাকড়া ও অভিষেকের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয় কোয়ার্টারে মাত্র তিন মিনিটের ব্যবধানে চারটি গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নিয়ে নেয় ভারত। পরে পেনাল্টি কর্নার থেকে নিজের খাতা খোলেন অধিনায়ক হরমনপ্রীত সিং। দিলপ্রীত একাই চার গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন। গত বিশ্বকাপের ওপেন-প্লে দুর্বলতা ভুলে এদিন ভারতের ১৩টি গোলের মধ্যে ১০টিই এসেছে দুরন্ত ফিল্ড প্লে থেকে। তৃতীয় কোয়ার্টারে অউলিয়া আল অর্দ্ধের গোলে ভারতের বিরুদ্ধে ইতিহাসে প্রথম গোলের স্বাদ পেলেও হার বাঁচানোর কোনো উপায় ছিল না ইন্দোনেশিয়ার। সোমবার মহিলা দল ইন্দোনেশিয়ার বিরুদ্ধে এবং মঙ্গলবার পুরুষ দল শ্রীলঙ্কার বিরুদ্ধে পরবর্তী ম্যাচ খেলতে নামবে।

READ MORE.....